×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দরপতনের ধাক্কা কাটিয়ে বাজারে ফিরছে স্বস্তি

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৪:৫৭:৩০

দরপতনের ধাক্কা কাটিয়ে বাজারে ফিরছে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ের টানা দরপতনে বাজারে কিছুটা অস্থিরতা তৈরি হলেও সেই অবস্থা কাটিয়ে শেয়ারবাজার আবারও ইতিবাচক ধারায় ফিরছে। এতে বিনিয়োগকারীদের মধ্যেও বাজারের প্রতি আস্থা পুনরায় বাড়তে শুরু করেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি কম দরে শেয়ার ক্রয়ের সুযোগ কাজে লাগিয়ে মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে।

গত সোমবার স্বাভাবিক দর সংশোধনের পর গতকাল বাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়। এরপর আজ (২৩ সেপ্টেম্বর) সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারে ধারাবাহিক দরপতন শুধু নেতিবাচকই নয়, এর ইতিবাচক দিকও রয়েছে। কারণ এমন সময়ে ভালো শেয়ার কম দামে কিনে বাজার উত্থানের সময় বিক্রি করলে উল্লেখযোগ্য মুনাফা করা সম্ভব। তাই আজ বাজারে যে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে তা অব্যাহত থাকলে পতনের সময়ে ক্রয় করা শেয়ার থেকে ভালো মুনাফা পাওয়া যাবে। তবে বাজারের এই ইতিবাচক ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থাকে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৬.২১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯.৩২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৬.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২২.৭২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টির দর বেড়েছে, ১০২টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৯১ কোটি ৪৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫৩ কোটি ২১ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০১টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯১.৮৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬.৩৫ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত