×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ইউপি নির্বাচন নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৪:৫০:১৬

ইউপি নির্বাচন নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে শুরু হবে, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে এখনো চূড়ান্ত কোনো তথ্য পায়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মনে করছেন, চলতি বছর এই নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নেই।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘চূড়ান্ত কিছু এখনও তারা এখনো আমাদের জানায়নি। তারা কবে শুরু করবে, কবে শেষ করবে, তারা এখনো কিছু আমাদের জানায়নি।’

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন শেষে চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিল ইসি। গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের দিন-তারিখ জানিয়ে বলেছিলেন, সাত ধাপে ইউপি নির্বাচন হবে এবং প্রথম ধাপের ভোট শুরু হবে ১২ নভেম্বর।

এ ঘোষণার পর সরকারের সঙ্গে ইসির টানাপড়েন তৈরি হয়। পরদিন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না। পরে গত ১৭ সেপ্টেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সানাউল্লাহ বলেন, নভেম্বরে ইউপি নির্বাচন শুরু করা সম্ভব হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো শেষ করতে হবে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। আর সরকারের অনুরোধে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন ইসি আয়োজন করে থাকে।

সরকার ও ইসির মধ্যে টানাপড়েনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রতিমন্ত্রীর কাছে ভোটের দিন-তারিখ জানতে চান।

জবাবে শাহে আলম বলেন, ‘এটা নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ নির্বাচন তো তারা পরিচালনা করবে।’

তিনি আরও বলেন, ‘আমার তো মনে হচ্ছে না যে এ বছর হবে। উনারা (ইসি) ৬ জুন শেষ সময় দিয়েছে, আমার মনে হয়, আগামী বছর থেকে সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে হয়।’

সরকারের এ বিষয়ে ভাবনা কী জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ সেপ্টেম্বরের সভায় সচিবেরা এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। এ মাসে আবার ইসির সঙ্গে সচিবেরা বৈঠক করবেন।

শাহে আলম বলেন, ‘সরকারের চাওয়া, এই অর্থ বছরের মধ্যে শেষ হবে। কবে শুরু হবে, তা উনারাই (ইসি) ঠিক করবে। আমি বলে তাদের বিব্রত করতে চাই না।’

ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের জন্য চলতি অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখেছে।

নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (ইসি) একটি হিসাব দিয়েছে, ৬ হাজার কোটি টাকার মতো লাগবে। আমরা এই পরিমাণ অর্থ যাতে দিতে পারি, সেই ব্যবস্থা রাখা আছে।’

তিনি জানান, ইউপি নির্বাচনে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা পরিষদ নির্বাচনে ২ হাজার ২০০ কোটি টাকার মতো ব্যয় হতে পারে। পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের ব্যয় তুলনামূলকভাবে কম হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত