×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৩:৪৯:১৮

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে

নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পাশাপাশি অবসরভোগীদের পেনশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে চাকরিকাল যত বাড়বে, ধাপে ধাপে তত বাড়বে পেনশনের হার। অপেক্ষাকৃত কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্যও তুলনামূলক বেশি হারে পেনশন নির্ধারণের ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের বিধান নির্ধারণ করা হয়েছে। নতুন বিধানগুলো গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল ন্যূনতম পাঁচ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর বা তার বেশি নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতেই পেনশনের হার হিসাব করা হবে।

চাকরিকাল পাঁচ বছর হলে মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছর হলে ৩৬ শতাংশ, ১৫ বছর হলে ৫৪ শতাংশ এবং ২০ বছর হলে ৭২ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে। ২১ বছর চাকরিতে এই হার হবে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ। আর ২৫ বছর বা তার বেশি চাকরিকালে মূল বেতনের সর্বোচ্চ ৯০ শতাংশ হারে পেনশন পাওয়া যাবে।

অর্থাৎ, পাঁচ বছর চাকরি পূর্ণ হলে মূল বেতনের ২১ শতাংশ দিয়ে পেনশন নির্ধারণ শুরু হবে। এরপর চাকরিকাল ১০, ১৫ ও ২০ বছর পূর্ণ হলে পেনশনের হার যথাক্রমে ৩৬, ৫৪ ও ৭২ শতাংশে পৌঁছাবে। ২১ থেকে ২৪ বছর পর্যন্ত প্রতি বছর এই হার বাড়তে থাকবে এবং ২৫ বছর বা তার বেশি চাকরিকালে তা সর্বোচ্চ ৯০ শতাংশ হবে।

বদলায়নি আনুতোষিকের হার

নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় ২৬৫ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।

চাকরিকাল ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম হলে প্রতি টাকায় আনুতোষিক পাওয়া যাবে ২৬০ টাকা। ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিকালের জন্য প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত