×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১২:৩৮:৫৩

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন প্রজ্ঞাপনটিতে সই করেন।

প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাসের পাশাপাশি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়ার তালিকায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা আগের মতোই রাখা হয়েছে। এই ভাড়া বৃদ্ধি কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে নতুন ভাড়ার হার কার্যকর হবে না।

আরামদায়ক যাতায়াতের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়াও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিয়ে আনুপাতিক ভাড়ার হার কার্যকর করতে হবে।

এ ছাড়া প্রতিটি বাস ও মিনিবাসে যাত্রীদের সহজে দেখার মতো স্থানে নতুন ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বিআরটিএ সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে চূড়ান্ত প্রজ্ঞাপনে তিন শ্রেণির ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন ভাড়া কার্যকর করার সঙ্গে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ