×

ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

‘জামায়াত বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়’

২০২৬ নভেম্বর ০৬ ২২:৩৩:৫১

‘জামায়াত বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়’

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী তরুণদের ব্যবহার করে বিজেপির মতো পদ্ধতিতে বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক।

তিনি বলেছেন, ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে জামায়াত দেশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চায়। শুরুতেই তাদের এই তৎপরতা রুখে দেওয়া না গেলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে।

শুক্রবার গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আল-রাজী ভবনের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নুরুল হক।

তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু জামায়াতের মতো উগ্রবাদী শক্তি তরুণদের ব্যবহার করে দেশকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। তারা বিজেপির পদ্ধতিতে বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। এই অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

নুরুল হক বলেন, যে দল বাংলাদেশের জন্ম ও অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা এখনো দেশে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। শুরুতেই তাদের এই তৎপরতা রুখে দিতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় বিপর্যয় দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, যারা নব্য ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, তারাই এখন এক দফার কথা বলছে। ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। ধর্মীয় ফ্যাসিবাদী উন্মাদনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি জামায়াতের সঙ্গে জোটের অবস্থান থেকে সরে এসে প্রগতিশীল রাজনীতি করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানান। জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে এনসিপির একাধিক তরুণ নেতার সরে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে নুরুল হক বলেন, শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে চাপে ফেলার অপচেষ্টা চলছে। তবে সরকারে থাকলেও শ্রমিকদের অধিকার আদায়ের প্রশ্নে তিনি পিছপা হবেন না।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ