×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে অস্থিরতা সৃষ্টির সুযোগ পাবে না কোনো অপশক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ অক্টোবর ০১ ১৪:২৩:১০

ডিসেম্বরে অস্থিরতা সৃষ্টির সুযোগ পাবে না কোনো অপশক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরে ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের অস্থিরতা নিয়ে করা প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’

বাংলাদেশ আনসার-ভিডিপির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, একটি সুষ্ঠু ও পরিকল্পিত জায়গায়, প্রপার লোকেশনে সদর দপ্তর স্থাপন করা তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ দশমিক ৪৫ একর অর্থাৎ প্রায় ১১ বিঘার মতো জায়গা আনসারের সদর দপ্তর নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে। বড় পরিকল্পনা নিয়ে এখানে আনসারের সদর দপ্তর নিয়ে আসা হবে। এত বড় আনসার-ভিডিপির মতো একটি ফোর্সের জন্য খিলগাঁওয়ের জায়গা সংকুলান হয় না বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে ব্যাটালিয়ন আনসারের সদস্যসংখ্যা প্রায় ২০ হাজার উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অঙ্গীভূত আনসারের সংখ্যা ৬০ হাজার। সব মিলিয়ে এ ফোর্সের সদস্যসংখ্যা ৮০ হাজার। এর বাইরে ভিডিপি রয়েছে। ভিডিপির ৩৫ হাজার দলনেতার অধীনে আবার ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি আছে। সংখ্যার দিক থেকে রেগুলার ও ইরেগুলার মিলিয়ে এটিই সবচেয়ে বড় ফোর্স বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আনসার ব্যাটালিয়নের অঙ্গীভূত সদস্যরা বাদে রেগুলার ব্যাটালিয়নের সদস্যরা সরকারি বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তরের চাহিদা অনুযায়ী কাজ করেন। তবে তাদের আবাসন সংকট এখনো রয়েছে। যারা সেন্ট্রালি এখানে ডিউটি করেন, তারাও ঠিকমতো রাত্রি যাপনের জায়গা পান না। এ কারণে এখানে সেন্ট্রালি একটি ডরমেটরির ব্যবস্থাও করা হবে। পাশাপাশি তাদের আবাসনের জন্য ব্যারাক নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের দিনটি আনসার ব্যাটালিয়নের জন্য একটি ঐতিহাসিক দিন। সরকার দায়িত্ব নেওয়ার পর এসব বিষয়ে মনোযোগ দেওয়া হয়েছে, যাতে সারা দেশে আইনশৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা ও উন্নতি করা যায় এবং আনসার ব্যাটালিয়নের ভূমিকা আরও সম্প্রসারিত হয়।

আনসার ব্যাটালিয়নের ঐতিহাসিক কিছু অর্জন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বাহিনী সম্পর্কে গর্ব করার মতো অনেক জায়গা আছে। তাঁর আশা, এই ব্যাটালিয়ন আরও সামনের দিকে এগিয়ে যাবে। রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ভিডিপিসহ অঙ্গীভূত আনসারে কর্মরত সবাই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবেন। তাদের আর্থিক সহযোগিতার জন্য সরকার সবসময় চেষ্টা করছে। এখনও তাদের বিভিন্ন দাবি-দাওয়া রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত