×

ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৫:২১:৩৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের সমাধান না হওয়া পর্যন্ত সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে তাঁর পদে পুনর্বহালের দাবিও জানিয়েছেন তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

শিক্ষার্থীদের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোষণ থেকে মুক্তির লক্ষ্যেই নতুন এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। শুরু থেকেই তাদের দাবি ছিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে নিয়োগ দিতে হবে। সেই অবস্থানের ব্যত্যয় ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন অধ্যাপককে উপাচার্য হিসেবে নিয়োগের সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে বিবৃতিতে উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘২০২১-২০২২ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন উপাচার্য নিয়োগকে তারা ওই মাইগ্রেশন প্রক্রিয়া শতভাগ সফল না করার একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বিশ্ববিদ্যালয় সংকট নিরসন না হওয়া পর্যন্ত আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম স্যারকে স্বপদে পুনর্বহাল চাই।’

দাবি পূরণ না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, ‘অন্যথায়, ঢাকার রাজপথ দখল করে আমাদের অধিকার আদায় করা হবে।’

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ