ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
উৎপাদনশীলতা বাড়াতে পরিকল্পনা, নেতৃত্ব ও দৃঢ় সংকল্প জরুরি: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: উৎপাদনশীলতা বাড়াতে ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব এবং দৃঢ় সংকল্পের প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর মতে, উৎপাদনশীলতা বৃদ্ধি কেবল শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর বিষয় নয়, এটি একটি সংস্কৃতি। ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সব পর্যায়েই উৎপাদনশীলতা বাড়ানোর চর্চা করা প্রয়োজন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত ‘বাংলাদেশে উৎপাদনশীলতা বৃদ্ধি : চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অনেক প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে একই ধরনের কিংবা পরস্পরের সঙ্গে ওভারল্যাপিং কর্মসূচি রয়েছে কি না, তা পর্যালোচনা করা দরকার। কোনো প্রকল্প নেওয়ার আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এর সফট কপি বিশ্লেষণ করা হলে একই উদ্দেশ্যে অন্য কোনো মন্ত্রণালয় বা সংস্থা একই সময়ে কোনো কর্মসূচি পরিচালনা করছে কি না, সেটি শনাক্ত করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘একই ধরনের কর্মসূচির ওভারল্যাপিং যদি শুধু শনাক্ত করা যায়, তাহলে এডিপির অদক্ষতার বড় একটি অংশ মোকাবিলা করা সম্ভব।’ সরকারি প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তবায়ন পদ্ধতিতে সমন্বয় আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়টি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলে হবে না। বর্তমান বিশ্বে কোনো দেশের অর্থনীতি বিচ্ছিন্ন নয়। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশের পণ্য ও সেবাকে প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। উৎপাদনশীলতা বাড়ানো না গেলে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে।
বৈশ্বিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের যে সংযোগ তৈরি হয়েছে, তা থেকে ইচ্ছা করলেই বের হয়ে আসা সম্ভব নয় বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। তাঁর ভাষ্য, দেশের অর্থনৈতিক স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদনশীলতা বাড়ানো জরুরি।
উৎপাদনশীলতাকে ‘সংস্কৃতি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু শিল্পকারখানায় উৎপাদনশীলতা বাড়ানোর মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রাখা যাবে না। ঘরের কাজসহ দৈনন্দিন জীবনেও কম শ্রম ও সময়ে বেশি কাজ করার সক্ষমতা তৈরি করা দরকার। প্রযুক্তি ব্যবহার করে একই কাজ কম শ্রমঘণ্টায় সম্পন্ন করে উৎপাদন বাড়ানোই উৎপাদনশীলতার মূল লক্ষ্য।
প্রযুক্তির ব্যবহার উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি শ্রমবাজারেও পরিবর্তন আনছে বলে উল্লেখ করেন তিনি। তবে এটি শুধু বাংলাদেশের বিষয় নয়, বিশ্বের সব দেশের জন্যই তা বিবেচনার বিষয়। তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশের তৈরি পোশাকশিল্পের উদাহরণ তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার করে অনেক শ্রমিক উৎপাদনশীলতা বাড়ানোর সক্ষমতা দেখিয়েছেন। তাঁদের সবাই উচ্চশিক্ষিত নন, কিন্তু প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের সক্ষমতা তাঁদের রয়েছে। সমাজের অন্য অংশের মানুষের ক্ষেত্রেও একইভাবে প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে।
এ জন্য ভালো পরিকল্পনা ও নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘গ্যাপ লিডারশিপ’ অর্থাৎ উৎপাদনশীলতার ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি পূরণে ভালো পরিকল্পনা, ভালো নেতৃত্ব এবং লক্ষ্য অর্জনে দৃঢ় মনোভাব ও সংকল্প দরকার।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ ও দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মো. ফজলুল হক প্রমুখ।
শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও দৈনিক যুগান্তর যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, কোম্পানির প্রতিনিধি, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও এসএমই উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের