×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

লোকসানের ধাক্কা সামলে মুনাফার অঙ্ক কষে সতর্ক লেনদেন

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৫:২৯:০৫

লোকসানের ধাক্কা সামলে মুনাফার অঙ্ক কষে সতর্ক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: পুঁজি সুরক্ষিত রেখে মুনাফার হিসাব কষেই অত্যন্ত সতর্কতার সাথে লেনদেন করছেন বিনিয়োগকারীরা। যে কারণে বর্তমানে শেয়ারবাজারে শ্লথ গতিতে লেনদেন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, অতীতের মত আর নতুন করে লোকসান করতে চান না বিনিয়োগকারীরা। তাই তারা ভালভাবে যাচাই বাছাই করে সতর্কতার সঙ্গে লেনদেন করছে, যা ইতিবাচক।

বাজার সংশ্লিষ্টরা মনে করেন, কারো বা কোনো সংস্থার একক প্রচেষ্টায় বাজার স্থিতিশীল হতে পারেনা। হলেও তার স্থায়িত্ব থাকেনা। বাজার স্থিতিশীল করণে সাধারণ বিনিয়োগকারীদেরকেও সতর্কভাবে লেনদেন করতে হবে। বাজারে উত্থান ঘটলেই যাচাই বাছাই না করে যেন তেন শেয়ার ক্রয় করলে বিনিয়োগকৃত পুঁজির ঝুঁকি বাড়ে। তেমনি পতনে আতঙ্কিত হয়ে তারাহুরো করে লোকসানে শেয়ার বিক্রি করাও বাজারে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করে। বরং পতনের বাজারে কম দরে শেয়ার বিক্রি না করে ক্রয় করা উচিত। কিন্তু অনেকেই তা করেনা, যার প্রভাবে বাজারে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়। তাই শেয়ার ক্রয় বা বিক্রির সময় অত্যন্ত সতর্ক হতে হবে।

বিনিয়োগকারীদের মতে, প্রকৃতপক্ষে বিনিয়োগকারীরা সতর্ক না হলে বাজার স্থিতিশীল হবেনা। এজন্য বিনিয়োগকারীদেরকে পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। গুজবে কান না দিয়ে সংশ্লিষ্ট কোম্পানি সম্পর্কে জেনেই শেয়ারে বিনিয়োগ করা উচিত। একটি কোম্পানির শেয়ার কেন বাড়লো বা কমলো সে বিষয়ে যাচাই বাছাই করতে হবে। তবে ভাল কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে পুঁজি সুরক্ষিত থাকার পাশাপাশি মুনাফা অর্জন হয়।

এদিকে, আজ (২৯ সেপ্টেম্বর) সূচক সামান্য কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

আজকের বাজার পরিস্থিতি নিয়ে বাজার সংশ্লিষ্টরা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিনিয়োগকারীরা সতর্কতার সঙ্গেই লেনদেন করছেন। একই সঙ্গে তারা বাজার পর্যবেক্ষণ করছে, যা বাজারের জন্য ভাল। যাদের কাছে পর্যাপ্ত অলস টাকা রয়েছে তারা যদি জুন ক্লোজিং হওয়া ভাল শেয়ার ক্রয় করে তাহলে খুব শিগগিরই এর থেকে ভাল মুনাফা পাবে। তাই আতঙ্কিত না হয়ে যাচাই বাছাই করে জুন ক্লোজিং হওয়া ভাল কোম্পানির শেয়ার ক্রয় করা উচিত। কারণ সাম্প্রতি সময়ে ধারাবাহিক দরপতনে অনেক শেয়ার এখন বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূলে রয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থাকেও বাজার মনিটরিং আরো বেশি জোরদার করার পাশাপাশি বিনিয়োগকারীদেরকে সচেতন করতে নানামুখী সেমিনার করতে হবে। যাতে বাজার সম্পর্কে বিনিয়োগকারীরা যথাযথ ধারণা পায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৪.৩৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮.০৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪.৬৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, ১৭৮টির দর কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৬৩৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৪৬ কোটি ৪৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১১১ কোটি ৯৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭২.৭৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৫.৫৫ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত