×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের রিজার্ভে ওঠানামা, কমেছে ৩৬.১২ বিলিয়নে

২০২৬ অক্টোবর ০৮ ১১:০৯:২৫

বাংলাদেশের রিজার্ভে ওঠানামা, কমেছে ৩৬.১২ বিলিয়নে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও কিছুটা পতন দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ কমে ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে নেমেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

বুধবার (৭ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। ওই সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে নিজস্ব হিসাবে রিজার্ভ সামান্য কমলেও বিপিএম-৬ হিসাবে কিছুটা বেড়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

গত ১৬ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। এর চার দিন আগে, ১০ সেপ্টেম্বর, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৭ বিলিয়ন ডলার। বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

এ ছাড়া ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

রিজার্ভের এই ওঠানামার পেছনে আমদানি বিল পরিশোধেরও প্রভাব রয়েছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) চলতি বছরের জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল। এর ফলে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ কমে দাঁড়ায় ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। বিপিএম-৬ অনুযায়ী তখন রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এর আগে ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৪০ বিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

ফলে সেপ্টেম্বরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ ধারাবাহিকভাবে কিছুটা কমেছে। অন্যদিকে বিপিএম-৬ হিসাবেও ওঠানামা থাকলেও সর্বশেষ হিসাবে তা আগের তুলনায় সামান্য বেড়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত