ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শেখ হাসিনাকে নাগরিকত্ব দেবে না বাংলাদেশ: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ নাগরিকত্ব দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে সেখানেই রাখার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন। ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের উদ্যোগে ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
রাশেদ খাঁন বলেন, ‘দণ্ডিত অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান। এনআইডি কার্ড চান, পাসপোর্ট চান। এটা কি মামা বাড়ির আবদার? মোদি সরকারকে বলব— আপনারা তাকে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেন।’
বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা ঐক্যের প্রশ্নে কোনো বিভেদ চাই না।’
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কথা-বার্তায় সতর্ক থাকবেন। সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়ে কী লাভ? বিএনপি নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে সম্মত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। সুতরাং এ নিয়ে নতুনভাবে বিতর্কের কিছু নেই। আপনারা বিএনপিকে আঘাত করতে গিয়ে, শর্ত দিতে গিয়ে ফ্যাসিবাদ কিন্তু বড় বড় কথা বলছে।’
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে রাশেদ খাঁন আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা যতই যা বলুক না কেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। সীমান্ত দিয়েও ফিরবেন না, সমুদ্রপথেও ফিরবেন না, আকাশ পথেও ফিরবেন না।’
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জ্বালাও-পোড়াও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে—এটা অবিশ্বাস্য।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল দল-মত নির্বিশেষে সবার। সে সময় একেক দল একেকভাবে আন্দোলন করলেও জাতীয় ঐক্যের লক্ষ্যে একদফা দাবিতে ঐকমত্য হয়েছিল।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ডা. ডোনার বলেন, ‘এখন তো বিএনপি ক্ষমতায় আছে। দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়? আমাদের সরকার তো তাকে ফেরত চায়। রায় হয়ে গেছে। এখন বাস্তবায়ন হবে, চলে আসেন।’
সভাপতির বক্তব্যে ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনো আপস নেই। শর্ত দিয়ে কোনো ঐক্য হয় না। এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
গোপালগঞ্জে আওয়ামী লীগের তীর্থস্থান গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, সেখানে দেশের সকল সন্ত্রাসীদের জড়ো করে তাণ্ডব চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগের পক্ষে এখনো সাফাই গাইছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীকে গ্রেপ্তার করতে হবে।
‘আমরা বাংলাদেশি’ সংগঠনের নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম এবং বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু