ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শিশুশ্রম নিরসনে সমন্বিত নীতিমালা প্রয়োজন: মাহ্দী আমিন
নিজস্ব প্রতিবেদক: সঠিক নীতিমালা প্রণয়ন এবং সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস হলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ নানা বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। তবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের কাছে সর্বোচ্চ জবাবদিহি ও দায়বদ্ধতাই সরকারের সবচেয়ে বড় শক্তি।
নির্বাচনি ইশতেহারকে মূল ভিত্তি ধরে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকারের বিষয়গুলো ইশতেহারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে মাহ্দী আমিন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে শুধু শ্রমঘন এলাকাগুলোতে বিচ্ছিন্নভাবে কাজ করে শিশুশ্রম পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর সঙ্গে শিক্ষা ব্যবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, কোনো পরিবার যাতে শিশুশ্রমে উৎসাহিত না হয়, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সারা দেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে বলেও জানান মাহ্দী আমিন। তিনি বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে এবং এ কার্যক্রমের কাজও শুরু হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। এবার তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালা রয়েছে, যা আগামী অর্থবছর থেকেই প্রতিফলিত হতে শুরু করবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নে নয়, এমন খাতে বিনিয়োগ করতে হবে, যার সুফল সরাসরি শিক্ষার্থীরা পাবে। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। পরিবারগুলো যখন দেখবে, সন্তানকে স্কুলে পাঠালে অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে এবং শিক্ষা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, তখন তারা স্বাভাবিকভাবেই সন্তানদের কলকারখানায় না পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবে।
শ্রেণিকক্ষে থাকার বয়সী শিক্ষার্থীরা যাতে কারখানায় কাজ করতে না যায়, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক একটি ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি।
পড়াশোনা শেষে বেকারত্বের শঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান মাহ্দী আমিন। নবম ও দশম শ্রেণির সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করা হচ্ছে, যাতে শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ তৈরি হয়।
শিশুশ্রমের অন্যতম কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাবের কথা তুলে ধরেন তিনি। মাহ্দী আমিন বলেন, বাবা-মায়ের ক্ষমতায়ন নিশ্চিত করতে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কলকারখানার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের রূপকল্প অনুযায়ী সার্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, হতদরিদ্র থেকে প্রান্তিক পর্যায়ের মায়েদের হাতে এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছে দেওয়া হবে। তাঁরা সেই অর্থ সন্তানদের পড়াশোনায় ব্যয় করতে পারবেন। এতে অভাবের কারণে সন্তানদের কাজে পাঠানোর প্রবণতা কমবে।
শিশুশ্রম নিরসনে শুধু আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে চলবে না বলে মন্তব্য করেন মাহ্দী আমিন। তিনি বলেন, অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সমন্বিত বা হলিস্টিক নীতিমালা গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে জাতীয় এ সমস্যার সমাধানে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, একটি জবাবদিহিমূলক সরকার হিসেবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর গভীর দায়বদ্ধতা রয়েছে।
শিশুরা যেন শিল্পকারখানার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন মাহ্দী আমিন। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনশক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তরুণদের সৃজনশীলতা ও মেধার বিকাশে প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এবং উপযুক্ত ইকোসিস্টেম তৈরি করেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ জানান।
শিশুশ্রম নিরসনকে বহুমাত্রিক বিষয় উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরাসরি সমন্বয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কারণ, বিষয়টি পরিবারের অর্থনৈতিক সক্ষমতার সঙ্গেও সম্পর্কিত।
কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে এককভাবে শিশুশ্রম নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের (এসএলএফ) সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট