×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক মজুরি ৮০০ টাকা করার প্রস্তাব

২০২৬ নভেম্বর ২৪ ১৪:৪৪:৩৩

দৈনিক মজুরি ৮০০ টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়ে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এসব কর্মীর জন্য এলাকাভেদে দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এ প্রস্তাবে অর্থ বিভাগের সম্মতি চেয়ে গত ১০ নভেম্বর অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে আইন ও বিচার বিভাগ। আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাসুদ আলী।

চিঠির তথ্য অনুযায়ী, বর্তমানে নিবন্ধন অধিদপ্তর এবং এর অধীন বিভিন্ন কার্যালয়ে দৈনিক মজুরির ভিত্তিতে ৫৭৬ জন অফিস সহায়ক, ৩১৫ জন পরিচ্ছন্নতাকর্মী ও ২৬৯ জন নিরাপত্তাকর্মী কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে অফিস সহায়কেরা দৈনিক ৬০ টাকা, পরিচ্ছন্নতাকর্মীরা ৮০ টাকা এবং নিরাপত্তাকর্মীরা ১২০ টাকা মজুরি পান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে অতি সামান্য মজুরিতে কাজ করায় এসব কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের আর্থিক ও মানবিক দিক বিবেচনা করে মজুরি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা প্রতিদিন ৮০০ টাকা পাবেন। বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় তাঁদের দৈনিক মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ৭৫০ টাকা। আর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের জন্য প্রস্তাবিত মজুরি ৭০০ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০২৫ সালের ২২ মে জারি করা পরিপত্রের আলোকে এ মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে অর্থ বিভাগের সদয় সম্মতি চেয়েছে আইন ও বিচার বিভাগ।

চিঠির সঙ্গে প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করা হয়েছে। অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেলে নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন কার্যালয়গুলোতে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়ানোর উদ্যোগ বাস্তবায়নের পরবর্তী ধাপ এগোবে।

তবে প্রস্তাবিত মজুরির হার এখনো চূড়ান্ত হয়নি। অর্থ বিভাগের সম্মতি পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত