ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থী পাচ্ছে ল্যাপটপ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে মেধাক্রমের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের এ জন্য নির্বাচন করা হবে। একইভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে এসএসসি ও সমমানে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়বে।’
তিনি জানান, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাঁদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। এ জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় ল্যাপটপ বিতরণ করা হবে। এ জন্য সরকারের ক্রয়পদ্ধতি পিপিআর-২০২৫ অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।
পরিকল্পনার প্রথম ধাপে ল্যাপটপ পাবে দেড় হাজার শিক্ষার্থী। এ জন্য সরকারের ব্যয় হবে ১৬ থেকে ১৭ কোটি টাকা। পরবর্তী সময়ে কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে।
‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বলেন, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের ও মানসম্মত কনফিগারেশনের হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি শিক্ষা বোর্ডকে সম্পৃক্ত করে সেগুলো হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্কসংকেত