×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে দেশে ফিরতে চান হাসিনা, যে শর্ত দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৪ ১২:০০:৪৬

বিমানে দেশে ফিরতে চান হাসিনা, যে শর্ত দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার প্রত্যাশা করছেন ভারতে নির্বাসিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁর এই পরিকল্পনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলে তা কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যেই সম্ভব।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। দেশে আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছিলেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনটিকেই দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। সে কারণে এবারও বিজয় দিবসে দেশে ফেরার জন্য সরকারেরই তাঁর বিমানের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি। দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ