×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

১৮তম নিবন্ধনধারীদের নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

২০২৬ নভেম্বর ২৪ ১৬:০০:৩৭

১৮তম নিবন্ধনধারীদের নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধন প্রাপ্তদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।’

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষে নবম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরুর কথা রয়েছে। অন্যদিকে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ১৮তম নিবন্ধনে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে।

এ অবস্থায় নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম, নাকি ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশ—কোনটি আগে হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রগুলো জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হবে। এরপর ১৮তম নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশের পরিকল্পনা রয়েছে।

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮০০-এর বেশি প্রার্থী নিয়োগ সুপারিশের অপেক্ষায় রয়েছেন। সূত্রের তথ্য অনুযায়ী, তাঁদের সুপারিশের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ, নবম শিক্ষক নিয়োগ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হবে। আগের মতো নিবন্ধন সনদ দেওয়ার পরিবর্তে সরাসরি নিয়োগের সুপারিশ করা হবে।

এ কারণে ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগ সুপারিশের বিষয়টি আগে নিষ্পত্তি করতে চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হবে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিদের বিষয়টি আগে সমাধানের পরিকল্পনা রয়েছে। এরপর ৯ম বা ১৯তম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানপ্রধানদের ভাইভা শেষ হওয়ার পরপরই ১৮তমদের সুপারিশের কার্যক্রম শুরু হবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত