×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৪ ১৯:১৬:৫৯

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। এর সাক্ষী হতে পেরে আমি গর্বিত। জাতির ইতিহাসে এটিই সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একসঙ্গে অনুশীলন সম্পন্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বের দরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। এই মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা সরকারের সামরিক আধুনিকায়নের অঙ্গীকারের প্রতিফলন।’

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশের জন্য গর্বের। ভবিষ্যতে যেকোনো সংকটেও তারা দায়িত্ব পালনে অবিচল থাকবেন।

এর আগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতীকী যুদ্ধক্ষেত্রের মহড়া দেখতে স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানেরা। সেখানে সরকারপ্রধানের সামনে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য।

যৌথ মহড়ার মূল লক্ষ্য ছিল খনিজসম্পদে সমৃদ্ধ স্বর্ণদ্বীপ শত্রুপক্ষের দখলমুক্ত করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমানা পুনরুদ্ধারের কৌশল অনুশীলনে স্থল, নৌ ও আকাশপথে একযোগে শত্রুর দুর্গ ধ্বংসের মহড়া চালান তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা।

মহড়ার অংশ হিসেবে আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ এবং শত্রুর ঘাঁটি লক্ষ্য করে অবস্থান নেওয়ার মাধ্যমে বিমানবাহিনীর সক্ষমতা প্রদর্শন করা হয়।

অন্যদিকে, নৌ-কমান্ডোরা অভিযান পরিচালনা করেন। স্থলপথে সম্মুখযুদ্ধে শত্রুর দুর্গ ভাঙার সক্ষমতা দেখান সেনাবাহিনীর কমান্ডোরা। এই যৌথ প্রশিক্ষণ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে সেনাবাহিনী প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত