×

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরতে হলে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৪ ১৮:৪১:৫৯

দেশে ফিরতে হলে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর প্রকাশিত হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, বাংলাদেশে ফিরতে হলে শেখ হাসিনাকে বন্দি হিসেবেই আসতে হবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা কোনো বাণিজ্যিক যাত্রী নন; তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবে আসতে হবে। কোনো সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামির বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতার বাইরে দেশে ফেরার সুযোগ নেই।

এর আগে মঙ্গলবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রথম দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, দেশে তাঁর দল নিষিদ্ধ রয়েছে।

এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতার মাত্রাও বেড়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁর (শেখ হাসিনা) প্রত্যাবর্তন নিয়ে অনেকে মনের জ্বালা থেকে অর্থ ব্যয় করে খবর প্রকাশ করাতে পারেন। তবে বাংলাদেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে।

হাসতে হাসতে তিনি বলেন, ‘বাস্তবতা আর প্রত‌্যাশা দুই জিনিস। আপনাকে এ দুটার মধ্যে পার্থক‌্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে। এটা দুঃস্বপ্নের মতো... দুঃস্বপ্নে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’

মঙ্গলবার সকাল ৯টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শুরু করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের দেশের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তাঁদের জানানো হয়।

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত