×

ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের

২০২৬ অক্টোবর ০৪ ১৬:৫৪:১৫

শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক: শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্ম (ক্লেপ)-এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (এএসডি) ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে ভালো অনেক আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগের ঘাটতি রয়েছে। আইন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। বিশেষ করে প্রভাবশালীদের অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, শুধু রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের নয়, সরকারের নির্বাহী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জনগণের করের অর্থে যারা বেতন পান, তাঁদের কাজের যথাযথ তদারকি থাকা দরকার। কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাহী বিভাগের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা এবং কার্যকর তদারকি প্রয়োজন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী পথশিশুদের দাওয়াত দিয়ে খাইয়েছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, পথশিশুরাও সুন্দর জীবনের অধিকারী। পর্যায়ক্রমে তাদের রাস্তা থেকে ঘরে ফেরানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশে একজন মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি। এমন মানবিক উদ্যোগ যেন রাজনীতিকরণ করা না হয়, সে আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’

১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে গৃহকর্মে নিয়োগ না করার জন্য সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। শিশুদের স্বার্থে প্রয়োজন হলে মহান সংসদে বিদ্যমান আইন সংশোধন অথবা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডেপুটি স্পিকার।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এবং সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, আন্না মিনজ ও শওকত আরা আক্তার।

এএসডির অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ কো-অর্ডিনেটর সৈয়দ শাহিনুর রহমানের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এম. রবিউল ইসলাম, চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্ম (ক্লেপ)-এর সদস্য এ কে এম মাকসুদ, আইএলওর জাতীয় প্রকল্প সমন্বয়কারী সৈয়দা মুনিরা সুলতানা, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক পাবলো নেরুদা, শাপলা নীড় বাংলাদেশের মাহফুজা পারভীন, এএসডির কর্মসূচি পরিচালক লুৎফুন নাহার কান্তা, প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা এবং স্ক্যানের সহ-সভাপতি আফতাবুজ্জামান প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত