×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে এআই, সাইবার নিরাপত্তা ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

২০২৬ অক্টোবর ১১ ১৪:২৮:৪১

বাংলাদেশে এআই, সাইবার নিরাপত্তা ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। এসব খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আলোচনা হয়েছে।

আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ দেখানোয় মারুবেনি করপোরেশনকে স্বাগত জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মারুবেনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন নতুন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে মারুবেনি করপোরেশনের প্রতিনিধিরা জানান, বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা তাঁরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

আলোচনায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ক্রমবর্ধমান সম্ভাবনা এবং দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়টি গুরুত্ব পায়। দেশের প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় আরও দক্ষ করে তুলতে সরকারের পরিকল্পনা নিয়েও কথা হয়।

বৈঠকে বলা হয়, দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিযোগিতামূলক সেবার সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এ উদ্যোগে মারুবেনি করপোরেশনের আগ্রহ এবং সম্ভাব্য বিনিয়োগের বিষয়টিও আলোচনায় আসে।

বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতির প্রসঙ্গ তুলে কৃষিতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে মারুবেনি করপোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও উঠে আসে।

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনি করপোরেশনের বিদ্যমান বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের জন্য বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরালো হবে বলে বৈঠকে আশাবাদ জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।

মারুবেনি করপোরেশনের পক্ষে বৈঠকে অংশ নেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত