×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সূচক বাড়লেও কাটছে না আস্থার সংকট, বাজার পর্যবেক্ষণে বিনিয়োগকারীরা

২০২৬ অক্টোবর ০৮ ১৫:০৫:২৪

সূচক বাড়লেও কাটছে না আস্থার সংকট, বাজার পর্যবেক্ষণে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক :বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শেয়ারবাজার ঘিরে বিনিয়োগকারীসহ সর্বমহলে তৈরি হয়েছিল ইতিবাচক প্রত্যাশা। সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাজারে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় এবং শেয়ারবাজার চাঙ্গা হয়ে ওঠে। লেনদেনে বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ বেড়ে যায়; অনেকে আগের লোকসান কাটিয়ে মুনাফাও করতে সক্ষম হন। বিনিয়োগকারীদের উৎসাহী অংশগ্রহণ ও ধারাবাহিক উত্থানে সূচক একপর্যায়ে প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়। তবে বাজারকে আরও স্থিতিশীল করতে নতুন কমিশন গঠন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান কমিশন বাজারকে স্থিতিশীল করা তো দূরের কথা, স্বাভাবিক অবস্থাও ধরে রাখতে পারেনি। বরং ধারাবাহিক দরপতনের ফলে বাজার এখন তলানিতে গিয়ে ঠেকেছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, সরকার বিনিয়োগকারীদের স্বার্থ ও বাজারের উন্নয়নের লক্ষ্যেই নতুন কমিশন গঠন করেছিল। কিন্তু বর্তমান কমিশন বাজার নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থ। তারা শুধু বাজার সংস্কার ও বিভিন্ন উদ্যোগের কথা বলে বক্তৃতা দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধারাবাহিক দরপতন রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। তাদের মত, সংস্কারের আগে কমিশনের উচিত দরপতন ঠেকিয়ে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা। ভবিষ্যৎ পরিকল্পনার চেয়ে বর্তমান সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না। বাজার মনিটরিংয়ের মাধ্যমে পতনের প্রকৃত কারণ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব। কিন্তু তা না করে বাজার সংস্কার ও উন্নয়ন নিয়ে বক্তৃতা চালিয়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ফলে বাজারে সূচক বাড়লেও বিনিয়োগকারীদের তেমন অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে না।

এদিকে, আজ (০৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান ঘটলেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫.৫৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬.৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৫.৬৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭১টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৩৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬০৪ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭১ কোটি ৬৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮১টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৬০.৯৬ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৯৮.১৪ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত