×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে সর্বোচ্চ উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন

২০২৬ নভেম্বর ২৩ ১৫:০৪:৫৪

শেয়ারবাজারে সর্বোচ্চ উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন

নিজস্ব প্রতিবেদক :দুই মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান এবং সর্বোচ্চ লেনদেনের পর সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে। এর আগের সপ্তাহে বাজারে ধীরগতির উত্থান এবং মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিনেই সূচক ও লেনদেন ইতিবাচক ধারায় ছিল। ওই দিন বাজারে স্থিতিশীল অবস্থা পরিলক্ষিত হয়। তবে বিনিয়োগকারীদের সতর্কতামূলক অবস্থানের কারণে আজ সূচক খুব বেশি কমেনি। বাজার নিম্নমুখী হলেও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি না করায় টাকার অঙ্কে লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, বাজার নিয়ে বিনিয়োগকারীরা এখনো আশাবাদী। সরকারপ্রধান যদি শেয়ারবাজারের দিকে নজর দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে কেউ বাজারের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না। বর্তমান কমিশন ও কর্তৃপক্ষের মধ্যে শেয়ারবাজার সম্পর্কে জ্ঞানের ঘাটতি রয়েছে বলে পরিস্থিতি দেখে মনে হচ্ছে। বর্তমান কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে ও বাজার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নিলেও বাজার মনিটরিংয়ে কোনো সাফল্য দেখাতে পারেনি, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে। কঠোর নজরদারির মাধ্যমে দরপতন ঠেকিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারলেই বাজার স্থায়ীভাবে স্থিতিশীল হবে।

এদিকে, আজ (২৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭.১৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬.৩৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৮.২০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৭টির দর বেড়েছে, ১৮৬টির দর কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৯২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২২০ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৯৯ কোটি ৩৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৬টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৪.২৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৫৩.৬৭ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত