ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে ৯১ রানেই অলআউট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সকালের বৃষ্টি আর পেসারদের অনুকূল উইকেট—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু থেকেই কঠিন পরিস্থিতির মুখে পড়ে বাংলাদেশ। সেই চ্যালেঞ্জ সামাল দিতে পারেননি সফরকারী দলের ব্যাটসম্যানরা। স্বাগতিক পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৩৩ দশমিক ৩ ওভারেই ৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। সুপারস্পোর্ট পার্কে এটিই বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস।
সেঞ্চুরিয়নে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। সকাল থেকে বৃষ্টি হওয়ায় উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পেয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখেন স্বাগতিক বোলাররা। বিশেষ করে মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া ছিলেন দারুণ কার্যকর।
ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন ইয়ানসেন। অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। বলটি ছেড়ে দেওয়ার সুযোগ থাকলেও খেলতে গিয়ে উইকেট হারান এই ওপেনার।
এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার বলে পরপর দুটি চার মারেন তিনি। প্রথমটি ছিল দারুণ টাইমিংয়ে খেলা অন ড্রাইভ। পরেরটি ব্যাটের কানায় লেগে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে যায়। তবে সেই লড়াই দীর্ঘ হয়নি। আনরিখ নর্কিয়ার অফ স্টাম্পের সামান্য বাইরে থেকে ভেতরে ঢোকা বলে ব্যাট নামানোর আগেই ভেঙে যায় মাহফিজুলের স্টাম্প।
নর্কিয়ার পরের শিকার হন নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপর্যয় আরও গভীর হয় মুমিনুল হকের বিদায়ে। ২১তম ওভারে উইয়ান মুল্ডারের দ্বিতীয় বলে বোল্ড হন তিনি। বল স্টাম্পে টেনে এনে ৫১ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন মুমিনুল।
এরপর কিছুটা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাওহীদ হৃদয়। তবে চা বিরতির ঠিক আগের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে আউট হন তিনি। বিরতির পরপরই সাজঘরে ফেরেন শরীফুল ইসলাম। ফলে ৮৯ রানে সপ্তম উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ।
এরপর বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন রাবাদা। ৩১তম ওভারের শেষ বলে জাকের আলীকে এলবিডব্লিউ করেন তিনি। ভেতরে ঢোকা ডেলিভারিতে ব্যাট চালাতে পারেননি জাকের। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি লেগ স্টাম্পে আঘাত করত। ২০ বলে মাত্র ২ রান করে ফেরেন জাকের।
পরের ওভারের প্রথম বলেই তাসকিন আহমেদকে ফিরিয়ে দেন রাবাদা। অফ স্টাম্পের বাইরে লেংথে করা বলে ব্যাট চালাতে গিয়ে প্রথম স্লিপে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দেন তাসকিন। ১০ বলে ২ রান করেন তিনি। তিন ওভারের মধ্যে তিনটি উইকেট নিয়ে বাংলাদেশের লেজ দ্রুত গুটিয়ে দেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
শেষ পর্যন্ত খালেদ আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি টানেন ইয়ানসেন। ব্যাক অব লেংথের বলে জায়গা ছেড়ে বড় শট খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান খালেদ। ডিপ থার্ডে সাইমন হারমারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৪ বল খেলেও কোনো রান করতে পারেননি এই ব্যাটসম্যান।
সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৩৩ দশমিক ৩ ওভারে ৯১ রানেই শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস। সুপারস্পোর্ট পার্কে নিজেদের সর্বনিম্ন ইনিংসের রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট