×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতকে বিপদে ফেলার কৌশল জানি’

২০২৬ নভেম্বর ১৬ ২০:৪২:৫৯

‘ভারতকে বিপদে ফেলার কৌশল জানি’

স্পোর্টস ডেস্ক: একসময় দক্ষিণ এশিয়ার ফুটবলে পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করা হতো। তবে ঢাকার মাঠে সেই চিত্র বদলে দিয়েছেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো। স্বাগতিক বাংলাদেশকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। এবার তাদের লক্ষ্য শিরোপা জয়। কাল নয়বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী পাকিস্তান কোচ জানালেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের কীভাবে বিপদে ফেলতে হয়, তা তাঁদের জানা আছে।

আজ ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে ভারত ম্যাচের পরিকল্পনা নিয়ে সোলানো বলেন, ‘অবশ্যই আমরা ভারতকে সম্মান করি। আমরা সব সময় তাদের খেলা দেখছি ও পর্যবেক্ষণ করছি। ফুটবলে এখন আর কোনো কিছুই গোপন নেই। আপনারা জানেন কীভাবে খেলতে হয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের দিকে মনোযোগ দেওয়া-আমরা কী করতে চাই। কারণ, আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি, আমরা কী করতে পারি এবং কীভাবে ভারতকে বিপদে ফেলতে পারি, তা আমরা জানি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সাবেক এই সতীর্থ। ফাইনালকে ‘ডার্বি’ হিসেবে উল্লেখ করে সোলানো বলেন, ‘আমি জানি এটি খুব বিশেষ একটি ম্যাচ, এটি একটি ডার্বি, আমরা তা বুঝি; এটি কোনো সাধারণ ম্যাচ নয়, কারণ এটি একটি বিশেষ উপলক্ষ, এটি ফাইনাল।’

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৩–২ গোলে হেরেছিল পাকিস্তান। তবে ফিফা উইন্ডোর কারণে দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়া চার প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে দলটির চেহারা বদলেছে। এ প্রসঙ্গে পাকিস্তান কোচ বলেন, ‘আমি কোনো অজুহাত দাঁড় করাতে পছন্দ করি না, তবে প্রতিযোগিতায় আসার আগে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। দুই দিন কোনো অনুশীলন ছাড়াই আমরা তাদের মুখোমুখি হয়েছিলাম... আমাদের আরও চারজন খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের ছাড়াই আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম, কারণ ফিফার সূচিকে আমাদের সম্মান জানাতে হয়েছিল। আমাদের জন্য পূর্ণাঙ্গ দল পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হলেও ফাইনালের আগে ক্লান্তিকে কোনো অজুহাত হিসেবে দেখাতে চান না সোলানো। তাঁর মতে, শিরোপার লড়াইয়ে দুই দলেরই সমান সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘দুই দলেরই সমান সুযোগ রয়েছে, ৫০–৫০। এরপর সব নির্ভর করবে মাঠে আমরা কতটা ভালো কাজ করতে পারি, তার ওপর। আপনি যখন ফাইনাল খেলবেন, তখন ক্লান্ত থাকার কোনো সুযোগই থাকতে পারে না। তাই লড়াইয়ের জন্য আমরা সবাই প্রস্তুত, কোনো অজুহাত নেই, আমরা আমাদের সবটুকু উজাড় করে দেব।’

পাকিস্তান ফুটবল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন সোলানো। তিনি বলেন, ‘আমরা চাই পাকিস্তান সেই ধারণাটা বদলে দিক যা অনেক বছর আগে সবার ছিল-পাকিস্তান মানেই খুব সহজ প্রতিপক্ষ। না, এখন থেকে ভবিষ্যতে পাকিস্তানকে হারানো যেকোনো দলের জন্যই খুব কঠিন হবে।’

এদিকে পাকিস্তানের অধিনায়ক আবদুল্লাহ ইকবালও ফাইনালে জিতে নতুন ইতিহাস গড়তে চান। তিনি বলেন, ‘ফাইনালে ওঠাটাই আমাদের ফুটবলের সবচেয়ে বড় অর্জন এবং ইনশা আল্লাহ আমরা যদি শেষ পর্যন্ত শিরোপা জিততে পারি, তবে তা আরও বড় কিছু হবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত