×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০২৬ নভেম্বর ১৬ ২০:১৫:১৭

সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) এসব আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। এ সময় আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেনাবাহিনী প্রধান ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকার জন্য কোরের সব সদস্যকে নির্দেশনা দেন তিনি। এ ছাড়া এসটিসিঅ্যান্ডএসে আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লেতে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন।

অন্যদিকে, সিগন্যালস কোরের ৭ম কোর পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান। সেখানে তিনি মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং কোরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং বিভিন্ন সময়ে অর্জনের বিষয়গুলো তুলে ধরেন সেনাবাহিনী প্রধান। ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার জন্য কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, মহাপরিচালক (প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর), ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং (৫৫ পদাতিক ডিভিশন) ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিগন্যালস কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত