×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

২০২৬ নভেম্বর ১৬ ২০:০১:৪৫

আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ধরনের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মতো ঘটনা ঘটছে।

এর মধ্যে গোপালগঞ্জে গত দুই দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ও সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে নিজের এলাকায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন—এমন খবর প্রকাশের পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এ ক্ষেত্রে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তাদের আশঙ্কা, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে তার আগে বা ওই সময় ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীও বাংলাদেশে ফিরে আসতে পারেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ ও বিজিবি।

সীমান্তে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সেখানে তাঁদের বৈঠকের একাধিক খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সম্প্রতি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দেওয়ার পর থেকে দেশের ভেতরে থাকা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতা-কর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গোপন বৈঠকসহ নানা কর্মকাণ্ড চালাচ্ছেন তাঁরা।

এর মধ্যে সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের সীমান্ত পেরিয়ে দেশে ফিরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের খবর প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আরও কঠোর অবস্থান নিয়েছে।

ধারণা করা হচ্ছে, ডিসেম্বরে বা তার আগেই ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

বিজিবির দুটি ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের চেষ্টা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, কেউ এভাবে প্রবেশ করলে কোনো সাধারণ নাগরিক তাঁর বিষয়ে তথ্য দিলে তাঁকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি তথ্যদাতার পরিচয়ও গোপন রাখা হবে।

যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে এই দলটির কার্যক্রম। নাশকতা সৃষ্টি করতেছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে এবং আমরা মানে যতটুক জানি যে ইন্ধন জোগাচ্ছে ওই নেতারাই দেশের বাইরে থেকে। স্বাভাবিকভাবেই যদি তারা আসার চেষ্টা করে তো দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।’

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারেন, সে জন্য বিজিবি তৎপর রয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাংলাদেশের নাগরিক। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলা বা অভিযোগ থাকতে পারে। কিন্তু নিজ দেশে ফিরে আসার ক্ষেত্রে আপত্তি কেন—এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘আমাদের পূর্বপ্রস্তুতি বা সুপ্রস্তুতি হিসেবে আমরা তারা যেন অবৈধভাবে দেশে না আসতে পারে। সীমানা পেরিয়ে যে কোনো আমি আপনিও যদি সীমানা পেরিয়ে অন্য দেশে যাই সেটা আমার জন্য অবৈধ, সবার জন্য অবৈধ। সেই অবৈধ ক্রসপাসিং তো কখনোই আমরা অ্যালাউ করতে পারি না। হুএভার ইজ দ্য ম্যান।’

কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে যশোর ও সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন বিজিবি কর্মকর্তারা। এ ধরনের প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল এবং রোড ব্লকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি বলেন, ‘উল্লেখ করতে পারি, সীমান্তে নাইট ভিশন, থার্মাল ক্যামেরা আমরা ব্যবহার করছি। লেজার রেঞ্জ ফাইন্ডার দিয়ে আমরা চেষ্টা করছি। সার্চ লাইট যেসব জায়গাকে আমরা ঝুঁকিপূর্ণ জায়গা মনে করছি সেখানে আমরা সার্চ লাইট দিয়ে সেখানে আলোকিত করা দরকার, ঝুঁকিপূর্ণ এলাকাকে শনাক্ত করে সেখানে সার্চলাইটের ব্যবস্থা করছি।’

এদিকে ৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, তাঁর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সীমান্ত দিয়ে কেউ অবৈধভাবে প্রবেশ করলে তাঁকে গ্রেপ্তার করা হবে, নাকি পুশব্যাক করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৈধ পাসপোর্টধারী যাত্রীদের নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেলের মাধ্যমে যাতায়াতের সুযোগ রয়েছে। অন্যদিকে, যে কোনো ধরনের অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রেখেছে।’

এ ধরনের ঘটনায় সাধারণত কাউকে আটক করার পর স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পরে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সতর্ক অবস্থানে পুলিশও

ডিসেম্বরকে সামনে রেখে পুলিশ বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে, যাতে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে না পারে।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এআইজি কামারুম মুনিরা জানান, ডিসেম্বর মাসে বিজয় দিবস, বড়দিনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ডিসেম্বরকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে পুলিশ।

পরিকল্পনার অংশ হিসেবে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোন ধরনের সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত