×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

ভুলের দায় নিয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ

২০২৬ নভেম্বর ১৫ ১৫:০২:১৩

ভুলের দায় নিয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ

স্পোর্টস ডেস্ক: ম্যাচজুড়ে একের পর এক সেভ করে বাংলাদেশকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু শেষ মুহূর্তের একটি ভুলে তিনিই হয়ে ওঠেন সমালোচনার কেন্দ্রবিন্দু। গতকাল সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন এই গোলরক্ষক।

এবার সেই সমালোচনার মধ্যে নীরবতা ভেঙেছেন শ্রাবণ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ম্যাচের হারের দায় নিজের কাঁধে তুলে নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন শ্রাবণ। তাঁর এসব সেভেই শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জয়ের আশা বেঁচে ছিল। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য হয়তো অতিরিক্ত সময়েই নির্ধারিত হবে।

কিন্তু শেষ মুহূর্তে একটি ভুলে বদলে যায় ম্যাচের চিত্র। শ্রাবণের একটি লং থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আবদুল সামাদ। তাতেই স্বাগতিক বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়। ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।

ম্যাচ শেষে হামজা চৌধুরী এককভাবে কাউকে দায়ী করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমরা কাউকে দোষ দিতে পারব না। মনে হয়, ওরা (পাকিস্তান) বিরতির সময় খেলার পরিকল্পনা বদলেছে। তারপরও ওরা শুধু একটি সুযোগ তৈরি করেছে, আমরা দুটি দারুণ সুযোগ... এটাই তো ফুটবল, তাই না? এক সুযোগ পেয়েই ওরা গোল দিয়েছে।’

একই সুরে কথা বলেছেন শমিত সোমও। তাঁর ভাষ্য, ‘কারো একার দোষ দিতে পারি না আমরা। একজন যদি ভুল করে, আরেকজন তা পুষিয়ে দেবে, এই তো নিয়ম!’

তবে দুই সতীর্থের এমন বক্তব্যের পরও শ্রাবণকে ঘিরে সমালোচনা থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েন এই গোলরক্ষক।

এরপর নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে শ্রাবণ লেখেন, ‘গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি।’

তিনি আরও লেখেন, ‘একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

পোস্টের শেষে শ্রাবণ লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত