×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরে ভিটামিন ‘এ’-এর ঘাটতি হলে যে ৭ লক্ষণ দেখা দেয়

২০২৬ নভেম্বর ২২ ২০:২৪:৪৪

শরীরে ভিটামিন ‘এ’-এর ঘাটতি হলে যে ৭ লক্ষণ দেখা দেয়

স্পোর্টস ডেস্ক: ভিটামিন ‘এ’ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এর ঘাটতি হলে দৃষ্টিশক্তি, ত্বক ও রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর সরাসরি প্রভাব পড়তে পারে। চর্বিতে দ্রবণীয় এই ভিটামিন সঠিক দৃষ্টিশক্তি বজায় রাখা, রোগপ্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা, প্রজননক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখাসহ শরীরের নানা কার্যক্রমে ভূমিকা রাখে।

সাধারণত ভিটামিন ‘এ’ দুই ধরনের। প্রথমটি প্রিফর্মড ভিটামিন ‘এ’, যা মাংস, মাছ, ডিম ও দুগ্ধজাত খাবারে পাওয়া যায়। অন্যটি প্রোভিটামিন ‘এ’। উদ্ভিজ্জ খাবারে থাকা ক্যারোটিনয়েড শরীর এই ভিটামিনে রূপান্তরিত করে। লাল, সবুজ, হলুদ ও কমলা রঙের ফলমূল এবং শাকসবজিতে প্রোভিটামিন ‘এ’ পাওয়া যায়।

ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে সাধারণত এ ভিটামিনের ঘাটতি দেখা দেয় না। তবে গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা ও শিশুরা এ ঘাটতির বেশি ঝুঁকিতে থাকেন। এ ছাড়া সিস্টিক ফাইব্রোসিস ও দীর্ঘস্থায়ী ডায়রিয়ার কারণে ভিটামিন ‘এ’-এর অভাবের ঝুঁকি বাড়তে পারে।

শরীরে ভিটামিন ‘এ’-এর ঘাটতি দেখা দিলে কয়েকটি লক্ষণ প্রকাশ পেতে পারে। সেগুলো হলো—

১. রাতকানা রোগ

ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা রোগ হতে পারে। বিভিন্ন পর্যবেক্ষণমূলক গবেষণায় উন্নয়নশীল দেশগুলোতে এ রোগের উচ্চ প্রবণতার কথা উঠে এসেছে। সমস্যাটির ব্যাপকতার কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাতকানা রোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভিটামিন ‘এ’ গ্রহণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

২. বন্ধ্যত্ব ও গর্ভধারণে সমস্যা

নারী ও পুরুষ উভয়ের প্রজননক্ষমতা এবং শিশুর স্বাভাবিক বিকাশের জন্য ভিটামিন ‘এ’ প্রয়োজন। কোনো নারীর গর্ভধারণে সমস্যা হলে এর পেছনে ভিটামিন ‘এ’-এর ঘাটতি একটি কারণ হতে পারে। এ ভিটামিনের অভাবে নারী ও পুরুষ উভয়েরই বন্ধ্যত্ব দেখা দিতে পারে।

৩. চোখে শুষ্কভাব

ভিটামিন ‘এ’-এর অভাবে চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হলো চোখ শুষ্ক হয়ে যাওয়া। শরীরে এ ভিটামিনের তীব্র ঘাটতি দেখা দিলে সম্পূর্ণ অন্ধত্ব কিংবা কর্নিয়া মারা যাওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। চোখ শুষ্ক থাকা বা অশ্রু উৎপাদনে অক্ষমতা ভিটামিন ‘এ’-এর ঘাটতির প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম।

৪. শারীরিক বৃদ্ধিতে বিলম্ব

শিশুরা পর্যাপ্ত ভিটামিন ‘এ’ না পেলে তাদের শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। মানবদেহের স্বাভাবিক বিকাশের জন্য এ ভিটামিন প্রয়োজনীয়। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, ভিটামিন ‘এ’ শিশুর শারীরিক বৃদ্ধিতে সহায়তা করতে পারে।

৫. ক্ষত নিরাময়ে সমস্যা

আঘাত বা অস্ত্রোপচারের পর ক্ষত শুকাতে দেরি হলে তা ভিটামিন ‘এ’-এর ঘাটতির লক্ষণ হতে পারে। স্বাস্থ্যকর ত্বকের জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোলাজেন তৈরিতেও এ ভিটামিন ভূমিকা রাখে। ফলে এর অভাব হলে ক্ষত নিরাময়ে সমস্যা দেখা দিতে পারে। ইঁদুরের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, ভিটামিন ‘এ’ ত্বকের চিকিৎসা এবং ক্ষত প্রতিরোধে সহায়তা করে।

৬. গলা ও বুকে সংক্রমণ

বিশেষ করে গলা বা বুকে ঘন ঘন সংক্রমণ হলে তা ভিটামিন ‘এ’-এর ঘাটতির লক্ষণ হতে পারে। শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধেও এ ভিটামিন সহায়ক ভূমিকা রাখতে পারে। বয়স্ক ব্যক্তিদের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে, রক্তে প্রোভিটামিন ‘এ’-এর উচ্চ মাত্রা শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে।

৭. শুষ্ক ত্বক

ত্বকের কোষ তৈরি ও মেরামতের জন্য ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ। এ ছাড়া ত্বকের বিভিন্ন সমস্যার কারণে সৃষ্ট প্রদাহ কমাতেও এটি সহায়তা করে। পর্যাপ্ত ভিটামিন ‘এ’ না পেলে একজিমাসহ বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দিতে পারে। শুষ্ক ত্বকের পেছনে নানা কারণ থাকলেও দীর্ঘদিন ভিটামিন ‘এ’-এর ঘাটতি থাকলে এ সমস্যা আরও প্রকট হতে পারে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত