×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বিয়ের আগে জীবনসঙ্গীকে যেসব বিষয়ে জানা জরুরি

২০২৬ নভেম্বর ০৪ ২০:৪৫:০৪

বিয়ের আগে জীবনসঙ্গীকে যেসব বিষয়ে জানা জরুরি

ডুয়া ডেস্ক: সিনেমায় পারিবারিকভাবে ঠিক করা বিয়েকে অনেক সময় রূপকথার মতো সুন্দর করে তুলে ধরা হয়। তবে বাস্তব জীবনে বিয়ের অভিজ্ঞতা সব সময় এমন হয় না। কারণ, বিয়ে মানে শুধু আর্থিক সচ্ছলতা কিংবা দুই পরিবারের পছন্দের মিল নয়। জীবনসঙ্গী নির্বাচনের আগে দুজনের চিন্তাভাবনা, জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। তা না হলে বিয়ের পর বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে।

শুধু বায়োডাটা দেখে জীবনসঙ্গী নির্বাচন নয়

পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে সাধারণত পাত্র-পাত্রীর শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয়, পারিবারিক পরিচয়, উচ্চতা এমনকি জন্মছকও বিবেচনায় নেওয়া হয়। এসব বিষয় গুরুত্বপূর্ণ হলেও এগুলোর মাধ্যমে একজন মানুষের প্রকৃত স্বভাব কিংবা দুজনের মধ্যে মানসিক সামঞ্জস্য কতটা, তা বোঝা সম্ভব নয়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী সম্পর্ক শুধু কাগজে-কলমে গড়ে ওঠে না। দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা, কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার ধরন এবং একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে একটি সম্পর্কের ভিত্তি তৈরি হয়। তাই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া প্রয়োজন, যার সঙ্গে জীবনের ভালো-মন্দ সময়গুলো ভাগ করে নেওয়া সম্ভব।

বিয়ের আগে যেসব বিষয়ে কথা বলবেন

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে জানতে হবে, মতবিরোধ দেখা দিলে অপর ব্যক্তি কীভাবে পরিস্থিতি সামাল দেন। অস্বস্তিকর বিষয় নিয়েও তিনি খোলামেলা আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি না, সেটিও জানা জরুরি। পাশাপাশি অর্থব্যবস্থা, সঞ্চয়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তাঁর ভূমিকা কেমন, তা নিয়েও আলোচনা করা উচিত।

এ ছাড়া দৈনন্দিন জীবনযাপন, ব্যক্তিগত সময়ের প্রয়োজন, অন্য শহরে গিয়ে বসবাসের ইচ্ছা এবং দুজনের মধ্যে কার পেশাকে বেশি গুরুত্ব দেওয়া হবে—এসব বিষয়ও বিয়ের আগে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন হলে দুজন কতটা মানিয়ে নিতে পারবেন, সেটিও বিবেচনায় রাখা উচিত।

শুধু কথাবার্তা নয়, আচরণ পর্যবেক্ষণ করেও একজন মানুষ সম্পর্কে ধারণা পাওয়া যায়। রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাঁর ব্যবহার, পরিকল্পনা পরিবর্তিত হলে প্রতিক্রিয়া কিংবা নিজের পরিবারের সদস্যদের সম্পর্কে কথা বলার ধরন তাঁর ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কেউ যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন কিংবা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে যান, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। একটি ভালো সম্পর্কের জন্য সততা, মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা থাকা জরুরি।

নিজের প্রস্তুতিও বুঝে নিন

জীবনসঙ্গী খোঁজার আগে নিজের কাছেও কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া প্রয়োজন। কেন বিয়ে করতে চান? সুখী দাম্পত্য বলতে কী বোঝেন? নিজের পেশা ও ব্যক্তিগত জীবনের লক্ষ্য কী? অন্য একজনের সঙ্গে প্রতিদিনের জীবন ভাগ করে নেওয়ার জন্য কতটা প্রস্তুত?

বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। তবে পরিবার, বন্ধু কিংবা সামাজিক চাপের কারণে নয়, বরং নিজের ইচ্ছা ও প্রস্তুতি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া উচিত।

সবশেষে, ভালো জীবনসঙ্গী মানে শুধু পরিবারের পছন্দের তালিকার সব শর্ত পূরণ করা নয়। বরং এমন একজন মানুষকে খুঁজে নেওয়া, যার সঙ্গে জীবনের লক্ষ্য ও স্বপ্নের মিল রয়েছে এবং যিনি ভবিষ্যতের অনিশ্চয়তা একসঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত। এ জন্য বিয়ের আগে একে অপরকে জানার যথেষ্ট সময় দেওয়া এবং খোলামেলা আলোচনা করা অত্যন্ত জরুরি।

মামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত