ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
মুখ ধোয়ার পর ত্বক টানটান লাগে? জেনে নিন কারণ
ডুয়া ডেস্ক: স্কিনকেয়ার বা ত্বকচর্চার আধুনিক নানা উপাদান ও নিয়ম সম্পর্কে এখন অনেকেই জানেন। তারপরও একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে মুখ ধোয়ার পর ত্বক যদি একেবারে টানটান বা সংকুচিত মনে হয়, তাহলে ফেসওয়াশটি বুঝি ভালো কাজ করেছে। তাৎক্ষণিক ফল দেখতে পছন্দ করার কারণে অনেকেই এমন অনুভূতিকে ত্বক পুরোপুরি পরিষ্কার হওয়ার লক্ষণ মনে করেন। কিন্তু ধারণাটি সঠিক নয়। বরং মুখ ধোয়ার পর ত্বক নিয়মিত টানটান লাগা অস্বস্তি বা ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে।
স্কুইকি ক্লিন বা পুরোপুরি পরিষ্কার হওয়ার ভুল ধারণা
ত্বকের সবচেয়ে বাইরের স্তরে কোষ ও প্রাকৃতিক তেলের সমন্বয়ে একটি সুরক্ষামূলক স্তর থাকে, যাকে বলা হয় স্কিন ব্যারিয়ার বা ত্বকের সুরক্ষাবলয়। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি বাইরের ময়লা ও ক্ষতিকর উপাদান থেকে ত্বককে রক্ষা করে। কোনো ফেসওয়াশ অতিরিক্ত কড়া হলে তা এই সুরক্ষাবলয়ের ক্ষতি করতে পারে এবং ত্বকের আর্দ্রতা কমিয়ে দিতে পারে।
এর ফলে ত্বকের বাইরের অংশ শুষ্ক হয়ে সংকুচিত হতে পারে। মুখ ধোয়ার পর তখন টানটান ভাব তৈরি হয়। অর্থাৎ, যাকে অনেকে ত্বক পুরোপুরি পরিষ্কার হওয়ার লক্ষণ মনে করেন, তা আসলে ত্বকের ক্ষতির ইঙ্গিতও হতে পারে।
তবে সব ক্ষেত্রে ত্বক টানটান লাগার অর্থ সুরক্ষাবলয় ক্ষতিগ্রস্ত হওয়া নয়। শুধু অনুভূতির ভিত্তিতে ত্বকের কোনো সমস্যা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। কিন্তু মুখ ধোয়ার পর নিয়মিত টানটান ভাব বা অস্বস্তি হলে ফেসওয়াশ কিংবা মুখ ধোয়ার পদ্ধতি নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন।
ফেসওয়াশ বাছাইয়ে উপাদানের দিকে নজর দেওয়া জরুরি
স্কিনকেয়ার গবেষকদের মতে, ত্বকের সুরক্ষাবলয়ের ক্ষতি না করে ময়লা, অতিরিক্ত তেল ও মেকআপ দূর করতে পারাই একটি কার্যকর ফেসওয়াশের মূল বৈশিষ্ট্য। মুখ ধোয়া প্রতিদিনের সাধারণ একটি অভ্যাস হলেও এ ক্ষেত্রে সঠিক পণ্য নির্বাচন গুরুত্বপূর্ণ।
ত্বকের সাময়িক সমস্যা দূর করতে অনেকেই ভেবেচিন্তে বিভিন্ন পণ্য কেনেন। অথচ প্রতিদিন সকালে ও রাতে ব্যবহৃত ফেসওয়াশটি ত্বকের জন্য উপযুক্ত কি না, তা নিয়ে খুব একটা ভাবেন না। দীর্ঘদিন ধরে কোনো পণ্য ব্যবহার করা হচ্ছে বলেই সেটি ত্বকের জন্য ভালো এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
ত্বকের সুরক্ষাবলয়ের যত্ন শুরু হোক ফেসওয়াশ বাছাই থেকেই
ত্বকে জ্বালা বা অস্বস্তি দেখা দেওয়ার পর অনেকেই ত্বকের সুরক্ষাবলয় নিয়ে চিন্তা করেন। কিন্তু ফেসওয়াশ কেনার সময় থেকেই এ বিষয়ে সতর্ক থাকা ভালো। একটি ফেসওয়াশ কতটা কার্যকর, তা নির্ভর করে দুটি বিষয়ের ওপর এটি কতটা ভালোভাবে মুখ পরিষ্কার করছে এবং নিয়মিত ব্যবহারে ত্বকের কোনো ক্ষতি বা অস্বস্তি হচ্ছে কি না।
এ ক্ষেত্রে এমন ফেসওয়াশ বেছে নেওয়া যেতে পারে, যাতে মৃদু পরিষ্কারক উপাদানের পাশাপাশি সেরামাইড ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়ক উপাদান রয়েছে। এতে মুখ পরিষ্কারের পাশাপাশি ত্বকের সুরক্ষাবলয়ের যত্ন নেওয়াও সম্ভব হবে।
মুখ ধোয়ার পদ্ধতিও গুরুত্বপূর্ণ
শুধু ভালো ফেসওয়াশ ব্যবহার করলেই হবে না, মুখ ধোয়ার সঠিক পদ্ধতি অনুসরণ করাও জরুরি। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন।
অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন: মুখ ধোয়ার জন্য কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।
ত্বকে অতিরিক্ত ঘষাঘষি করবেন না: মুখ মোছার সময় শক্ত তোয়ালে দিয়ে জোরে ঘষবেন না। বরং আলতোভাবে মুখ মুছুন।
মুখ ধোয়ার পর ময়শ্চারাইজার ব্যবহার করুন: ত্বক হালকা ভেজা বা স্যাঁতসেঁতে থাকা অবস্থায় ময়শ্চারাইজার লাগান। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
সুগন্ধিমুক্ত পণ্য বেছে নিন: ত্বক খুব শুষ্ক বা সংবেদনশীল হলে কৃত্রিম সুগন্ধিমুক্ত পণ্য ব্যবহার করা ভালো।
প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন: এসব নিয়ম মেনে চলার পরও ত্বকে নিয়মিত শুষ্কতা, চুলকানি বা জ্বালাপোড়া থাকলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
ত্বকচর্চায় বাড়তি ধাপের চেয়ে স্বস্তি বেশি গুরুত্বপূর্ণ
স্কিনকেয়ারে নতুন নতুন পণ্য বা বাড়তি ধাপ যুক্ত করলেই ত্বক ভালো থাকবে অনেকের মধ্যে এমন ধারণা রয়েছে। কিন্তু ত্বকের স্বাভাবিক সুস্থতা ও আরাম বজায় রাখাই মূল বিষয়।
প্রতিদিন ব্যবহারের ফেসওয়াশ থেকে চমকপ্রদ ফল আশা করার প্রয়োজন নেই। বরং মুখ ধোয়ার পর ত্বক যেন স্বাভাবিক ও আরামদায়ক থাকে, সেটিই হওয়া উচিত ভালো ফেসওয়াশের অন্যতম লক্ষ্য। ত্বকে নতুন কোনো সমস্যা তৈরি না করে কার্যকরভাবে মুখ পরিষ্কার করতে পারাই একটি উপযুক্ত ফেসওয়াশের আসল কাজ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার