ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
প্যান্টের পকেটে মুঠোফোন রাখলে শুক্রাণুর ক্ষতি হয়? জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: মুঠোফোন ছাড়া এখন একটি মুহূর্তও কল্পনা করা কঠিন। চাকরি, যোগাযোগ, ইন্টারনেট ব্যবহার, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কিংবা ব্যাংকিং লেনদেন প্রতিদিনের নানা কাজে ফোনের ওপর নির্ভরশীল মানুষ। পুরুষেরা সাধারণত প্যান্টের সামনের পকেটে মুঠোফোন রাখেন। এতে প্রজননস্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।
ভারতের ডেম হেলথের প্রতিষ্ঠাতা এবং রিনিউ হেলথ কেয়ারের স্ত্রীরোগ ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব আগরওয়াল মনে করেন, এ বিষয়ে অযথা আতঙ্কিত হওয়া যেমন ঠিক নয়, তেমনি বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়াও উচিত নয়। গবেষণার ফলাফলের ভিত্তিতে বিষয়টি সতর্কতার সঙ্গে বোঝা প্রয়োজন।
শুক্রাণুর ওপর মুঠোফোনের প্রভাব নিয়ে একাধিক বিশ্লেষণ হয়েছে। এর মধ্যে ১৮টি গবেষণা ও ৪ হাজারের বেশি বীর্যের নমুনা নিয়ে করা একটি বিশ্লেষণও রয়েছে। এসব গবেষণায় মুঠোফোনের রেডিও ফ্রিকোয়েন্সির সংস্পর্শে আসার সঙ্গে শুক্রাণুর গতিশীলতা ও কার্যক্ষমতা কমে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।
তবে শুক্রাণুর মোট সংখ্যা বা ঘনত্বের ওপর মুঠোফোনের ক্ষতিকর প্রভাব রয়েছে এমন নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্যান্টের সামনের পকেটে ফোন রাখলে সেটি অণ্ডকোষের খুব কাছাকাছি থাকে। কিছু বিশ্লেষণে দেখা গেছে, এ অবস্থায় শুক্রাণুর ওপর ফোনের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব বেশি হতে পারে। এর পেছনে গবেষকেরা দুটি কারণ উল্লেখ করেছেন।
প্রথমত, মুঠোফোনের রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ শুক্রাণুর কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে। অক্সিডেটিভ স্ট্রেস হলো শরীরে তৈরি হওয়া ক্ষতিকর ফ্রি র্যাডিকেল এবং সেগুলো নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত অ্যান্টি-অক্সিডেন্টের মধ্যে ভারসাম্যহীনতা। এর ফলে শুক্রাণুর কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে।
দ্বিতীয়ত, ফোন থেকে উৎপন্ন তাপ অণ্ডকোষের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। এতে শুক্রাণুর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। কারণ, সুস্থ শুক্রাণু উৎপাদনের জন্য অণ্ডকোষের তাপমাত্রা শরীরের মূল তাপমাত্রার তুলনায় কিছুটা কম থাকা প্রয়োজন। তবে এসব দাবি মূলত গবেষণাগারে পরিচালিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে করা হয়েছে।
ডা. আগরওয়াল জানান, গবেষণাগারের পরীক্ষার ফলাফল এবং বাস্তব পরিস্থিতির ওপর পরিচালিত জরিপের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সন্তান নেওয়ার চেষ্টা করছেন এমন দম্পতিদের নিয়ে পরিচালিত একটি সুপরিকল্পিত গবেষণায় দেখা গেছে, পকেটে ফোন রাখার অভ্যাসের সঙ্গে শুক্রাণুর গুণমান কিংবা গর্ভধারণে লাগা সময়ের কোনো স্পষ্ট সম্পর্ক নেই।
তাই মুঠোফোন ব্যবহারকে বন্ধ্যত্বের প্রমাণিত কারণ বলা যায় না। তাঁর মতে, অধিকাংশ উদ্বেগজনক তথ্য এসেছে গবেষণাগারের পরীক্ষা কিংবা জরিপ থেকে; বাস্তব পরিস্থিতিতে ফলাফল পর্যবেক্ষণ করে নয়। এ কারণে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
তবে ডা. আগরওয়াল বলেন, কারণ যা-ই হোক, শুক্রাণুর গুণমান ও স্বাস্থ্যের অবনতিতে ‘অক্সিডেটিভ স্ট্রেস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি পরীক্ষায় দেখা গেছে, কো-এনজাইম কিউ টেন সাপ্লিমেন্ট গ্রহণে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমে এবং শুক্রাণুর সচলতা বা গতিশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়ে।
তিনি ব্যাখ্যা করেন, মুঠোফোনের বিকিরণের কারণে শুক্রাণুর যে অক্সিডেটিভ ক্ষতি হয়, কো-এনজাইম কিউ টেন সেই জৈবিক প্রক্রিয়ার ওপরই কাজ করে। ফোনের বিকিরণজনিত ক্ষতি প্রতিরোধে এটি প্রমাণিত কোনো প্রতিষেধক নয়। তবে সামগ্রিকভাবে শুক্রাণুর স্বাস্থ্য উন্নত করতে এর কার্যকারিতার পক্ষে জোরালো প্রমাণ রয়েছে।
কো-এনজাইম কিউ টেন ছাড়াও র্যান্ডম ট্রায়ালে জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই এবং লাইকোপেনের শুক্রাণুর ওপর ইতিবাচক প্রভাবের প্রমাণ পাওয়া গেছে। জিঙ্ক ও সেলেনিয়াম শুক্রাণুর ঘনত্ব এবং গঠনগত বৈশিষ্ট্য উন্নত করে। অন্যদিকে, লাইকোপেন অক্সিডেটিভ ডিএনএ ক্ষতি কমাতে সহায়তা করে।
এসব প্রমাণের ভিত্তিতেই পুরুষদের প্রজননক্ষমতা বাড়ানোর চিকিৎসায় বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়। তবে শুক্রাণুর সংখ্যা কমে গেলে এর জন্য শুধু মুঠোফোনকে দায়ী করা ঠিক নয়। এর পেছনে অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাও থাকতে পারে। এমন পরিস্থিতিতে যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ