×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

বয়স্ক মস্তিষ্কের কার্যক্ষমতা ফেরাতে পারে তারুণ্যের প্রোটিন

২০২৬ অক্টোবর ২০ ১১:৩৩:০১

বয়স্ক মস্তিষ্কের কার্যক্ষমতা ফেরাতে পারে তারুণ্যের প্রোটিন

ডুয়া ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের রোগপ্রতিরোধী কোষের কার্যক্ষমতা কমতে থাকে। তবে টিআইএমপি২ (TIMP2) নামের একটি প্রোটিন এসব কোষের হারানো কিছু কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে বলে ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাইয়ের আইকান স্কুল অব মেডিসিনের গবেষকদের ইঁদুরের ওপর পরিচালিত এক গবেষণায় এমন সম্ভাবনার কথা উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, টিআইএমপি২ প্রোটিনের অভাবে মস্তিষ্কের রোগপ্রতিরোধী কোষ মাইক্রোগ্লিয়ার কার্যক্রমে বয়সজনিত পরিবর্তন ঘটে। ফলে কোষগুলো মস্তিষ্কের ক্ষতিকর বর্জ্য অপসারণে কম কার্যকর হয়ে পড়ে এবং প্রদাহের সঙ্গে সম্পর্কিত কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে।

অন্যদিকে, বয়স্ক ইঁদুরের রক্তপ্রবাহে টিআইএমপি২ সরবরাহ করার পর মাইক্রোগ্লিয়ার বর্জ্য অপসারণের ক্ষমতা বাড়তে দেখা যায়। একই সঙ্গে প্রদাহের সঙ্গে সম্পর্কিত কিছু আণবিক লক্ষণের মাত্রাও কমে আসে।

গবেষণাটি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তবে ইঁদুরের ক্ষেত্রে পাওয়া এই ফলাফল মানুষের জন্যও কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টিআইএমপি২ না থাকলে কী ঘটে

টিআইএমপি২ কীভাবে মাইক্রোগ্লিয়ার ওপর প্রভাব ফেলে, তা জানতে গবেষকেরা বিভিন্ন ধরনের ইঁদুর নিয়ে পরীক্ষা করেন। কোনো কোনো ইঁদুরের শরীরে জিনগত পরিবর্তন এনে প্রোটিনটির উৎপাদন বন্ধ করা হয়। অন্যদের ক্ষেত্রে শুধু মাইক্রোগ্লিয়া অথবা স্নায়ুকোষ থেকে প্রোটিনটি সরিয়ে দেওয়া হয়।

এ সময় কোষের জিনের কার্যক্রম বিশ্লেষণ, কার্যক্ষমতা যাচাই এবং জীবন্ত মস্তিষ্কের টিস্যুর আশপাশের তরল থেকে বিভিন্ন পদার্থ সংগ্রহ ও পরিমাপসহ একাধিক পদ্ধতি ব্যবহার করেন গবেষকেরা।

পরীক্ষায় দেখা যায়, টিআইএমপি২ না থাকলে মাইক্রোগ্লিয়ায় বয়স বৃদ্ধি ও মস্তিষ্কের আঘাতের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু পরিবর্তন ঘটে। কোষের সক্রিয়তার নির্দেশক বৈশিষ্ট্যেও পরিবর্তন আসে এবং ক্ষতিকর বর্জ্য অপসারণের ক্ষমতা কমে যায়।

শুধু রোগপ্রতিরোধী কোষেই নয়, মস্তিষ্কের কোষগুলোর আশপাশের পরিবেশেও পরিবর্তন লক্ষ করেন গবেষকেরা। সেখানে প্রদাহ ও কোষীয় চাপের সঙ্গে সম্পর্কিত কয়েকটি প্রোটিনের মাত্রা বেশি পাওয়া যায়।

এসব ফলাফলের ভিত্তিতে গবেষকদের ধারণা, টিআইএমপি২ মাইক্রোগ্লিয়াকে এমন কিছু বয়সজনিত পরিবর্তন থেকে সুরক্ষা দিতে ভূমিকা রাখতে পারে, যা মস্তিষ্কের জন্য ক্ষতিকর।

বয়স্ক ইঁদুরে প্রোটিন সরবরাহে ইতিবাচক ফল

পরবর্তী ধাপে বয়স্ক ইঁদুরের শরীরে টিআইএমপি২ সরবরাহ করলে বয়সজনিত পরিবর্তন কমানো সম্ভব কি না, তা পরীক্ষা করেন গবেষকেরা। এ জন্য ইঁদুরগুলোকে ইনজেকশনের মাধ্যমে প্রোটিনটি দেওয়া হয়, যাতে তা রক্তপ্রবাহে ছড়িয়ে পড়তে পারে।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, টিআইএমপি২ দেওয়ার পর মাইক্রোগ্লিয়া কোষের বর্জ্য অপসারণের ক্ষমতা উন্নত হয়। একই সঙ্গে প্রদাহের সঙ্গে সম্পর্কিত কিছু আণবিক নির্দেশকের মাত্রা কমে আসে।

এতে ইঙ্গিত পাওয়া যায়, বয়স বাড়ার সঙ্গে মাইক্রোগ্লিয়ার যেসব কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়ে, টিআইএমপি২ সরবরাহের মাধ্যমে তার কিছু অংশ পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে।

তবে গবেষণাটি এখনো ইঁদুরের মধ্যেই সীমাবদ্ধ। মানুষের মস্তিষ্কে টিআইএমপি২ একইভাবে কাজ করে কি না, প্রোটিনটির কার্যক্রম নিয়ন্ত্রণ করা নিরাপদ কি না কিংবা এর মাধ্যমে আলঝেইমার রোগ প্রতিরোধ বা চিকিৎসা সম্ভব কি না এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। বিষয়গুলো নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত