×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়াবেটিসের পাঁচ লক্ষণ, কখন পরীক্ষা জরুরি

২০২৬ নভেম্বর ২৬ ১৯:৪৭:০৩

ডায়াবেটিসের পাঁচ লক্ষণ, কখন পরীক্ষা জরুরি

ডুয়া ডেস্ক: ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও অনেকেই দীর্ঘদিন রোগটি সম্পর্কে জানতে পারেন না। প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো স্পষ্ট না হওয়ায় অনেকে সেগুলোকে গুরুত্ব দেন না। অথচ সময়মতো রোগ শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে কিডনি, চোখ, হৃদযন্ত্র ও স্নায়ুসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা না করে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো প্রয়োজন।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে বর্তমানে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ৮৫ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে। প্রতি ৯ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জন এ রোগে ভুগছেন। আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৪৩ শতাংশই জানেন না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর এক জরিপে দেখা গেছে, দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। তাঁদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সী ২৬ লাখ এবং ৩৫ বছরের বেশি বয়সী ৮৪ লাখ।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান জানান, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অন্তত ৫০ শতাংশই জানেন না যে তাঁদের এ রোগ রয়েছে। এ কারণে ডায়াবেটিস সম্পর্কে সবার সচেতনতা বাড়ানো জরুরি।

যে পাঁচ লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন

১. ঘন ঘন প্রস্রাব হওয়া

ডায়াবেটিসের অন্যতম পরিচিত লক্ষণ ঘন ঘন প্রস্রাব হওয়া। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনি অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন হলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত।

২. অতিরিক্ত পিপাসা লাগা

বারবার প্রস্রাবের কারণে শরীর থেকে বেশি পরিমাণে পানি বেরিয়ে যায়। এতে পানিশূন্যতা তৈরি হতে পারে এবং স্বাভাবিকের তুলনায় বেশি পিপাসা লাগে। পানি পান করার পরও বারবার তৃষ্ণা অনুভব করা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন।

৩. অকারণে ওজন কমে যাওয়া

খাবারের পরিমাণ বা শারীরিক পরিশ্রমে কোনো পরিবর্তন না এলেও ওজন কমতে থাকলে সতর্ক হওয়া দরকার। ডায়াবেটিসের কারণে শরীর রক্তের গ্লুকোজ ঠিকভাবে ব্যবহার করতে না পারলে শক্তির চাহিদা মেটাতে চর্বি ও পেশি ভাঙতে শুরু করতে পারে। এর ফলে অকারণেই ওজন কমে যায়।

৪. অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা

পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের পরও ক্লান্তি না কাটলে কিংবা সামান্য কাজেই শরীর দুর্বল লাগলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর প্রয়োজনীয় শক্তি ঠিকভাবে ব্যবহার করতে পারে না। ফলে সারাক্ষণ ক্লান্তি ও অবসাদ অনুভূত হতে পারে।

৫. চোখে ঝাপসা দেখা

রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে চোখের লেন্সে তরলের পরিবর্তন হতে পারে। এর প্রভাবে দৃষ্টিশক্তি সাময়িকভাবে ঝাপসা হয়ে যেতে পারে। হঠাৎ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তির পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কারা বেশি ঝুঁকিতে

পরিবারের বাবা-মা, ভাই-বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের ডায়াবেটিস থাকলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়া যাঁরা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন না, অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, তাঁদেরও এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা এবং হৃদ্‌রোগের সমস্যাও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। নারীদের গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

কখন পরীক্ষা করাবেন

ডায়াবেটিসের উল্লেখিত লক্ষণগুলোর কোনোটি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো উচিত। যাঁদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে বা অন্য কোনো ঝুঁকি আছে, তাঁদের লক্ষণ না থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করানো প্রয়োজন।

ডায়াবেটিস শনাক্ত করতে ফাস্টিং ব্লাড সুগার, খাবার বা গ্লুকোজ গ্রহণের দুই ঘণ্টা পর রক্তে শর্করার মাত্রা এবং এইচবিএ১সি পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার মাধ্যমে দ্রুত রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা ও জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন এনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে ভবিষ্যতে রোগটির জটিলতার ঝুঁকিও কমানো যায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত