×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের কাছে জবাব চায় বাংলাদেশ

২০২৬ নভেম্বর ২৬ ১৮:৩২:৩১

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের কাছে জবাব চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নসহ এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রতিবেশী দেশটির কাছে দুটি চিঠি পাঠানো হয়েছে। একটি চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছিলেন, তবে এখন পর্যন্ত সেটিরও জবাব মেলেনি।

ভারত সরকারের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে, ভারত কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং এ দেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। বন্ধুত্বপূর্ণ মনোভাবের পরিচয় দিয়ে গঙ্গার পানি বণ্টন সমস্যার সমাধানে ভারত যথাযথ পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছে সরকার।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ বসে নেই। পানি সংরক্ষণ, উৎপাদন ও উন্নয়ন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজও চলছে।

আওয়ামী লীগ সরকারের বিগত আমলের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিবাদের আমলে হত্যা, গুম, ছাত্র-শিশু হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির ওপর ভিত্তি করে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।

সীমান্তে ‘ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, তাঁরা ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। হাইকমিশনার সাক্ষাৎ করে বিভিন্ন আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল পাওয়া যায়নি।

তবে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী। নতুন বন্ধুত্বের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে দেশটি শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত