×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের কোচিংয়ে পড়ানো নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

২০২৬ নভেম্বর ২৬ ১৮:০২:২৫

এমপিওভুক্ত শিক্ষকদের কোচিংয়ে পড়ানো নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষকেরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। এ ধরনের শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি হবে না, দেশে নকলও চলবে না। যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকেরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাঁরা যখন-তখন মিছিল-মিটিং করে রাষ্ট্রদ্রোহের কাজ করবেন না।

তিনি বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। এটা ফ্যাসিস্ট সরকার নয় যে খাতায় কিছু না লিখেও নম্বর পাওয়া যাবে। এবার লেখাপড়া করতে হবে। পাবলিক পরীক্ষায় এবার কোথাও এসএসসি ও এইচএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামী দিনের বাংলাদেশে আর কখনো প্রশ্নপত্র ফাঁস হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা দেশে মেয়েদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হবে। শিক্ষার্থীদের দেওয়া হবে ৩০ হাজার কম্পিউটার। আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল চালু করা হবে। শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়া হবে। এবার বৃত্তির টাকাও বাড়ানো হবে। আগামী ২৪ ডিসেম্বর সব ক্লাসের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং একই দিনে শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে।

নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ বছর ধরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভবন পায়নি, এবার সেগুলোকে ভবন দেওয়া হবে। ফলাফলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ভবন পাবে। তবে যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, সেগুলো ভবন পাবে না। কোনো সুযোগ-সুবিধাও দেওয়া হবে না।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ-সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক প্রফেসর মো. নাজমুল হক।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ-সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের আমলে সাদা কাগজ জমা দিলেও জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলে গোল্ডেন-৫ পাওয়া যেত। সেই দিন আর নেই। বিএনপির আমলে ভালোভাবে লেখাপড়া করলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, অন্যথায় নয়।

তিনি আরও বলেন, এমন দিন আসবে, যখন আওয়ামী লীগের আমলে এভাবে জিপিএ-৫ ও গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীরা কোনো চাকরি পাবে না। বিএনপির আমলে ভালোভাবে লেখাপড়া করা শিক্ষার্থীরাই চাকরি পাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত