×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার’

২০২৬ নভেম্বর ২৬ ১৩:০১:৪৫

‘বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বেকারত্ব দূর করতে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শহরের ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের লক্ষ্মীপুর শাখায় এ সভার আয়োজন করা হয়।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেকারত্ব কমাতে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। নতুন প্রজন্মের তরুণেরা যাতে বেকার না থাকেন, সে জন্য যুব উন্নয়নের মাধ্যমে তাঁদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা হচ্ছে।

লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং সদর (পশ্চিম) উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন। এ ছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত