×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ

২০২৬ নভেম্বর ২৬ ১১:৩২:১৬

ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ

ডুয়া ডেস্ক: বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছুটি শুরুর ও শেষের তারিখে ভিন্নতা রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ১২ দিন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ছুটি শেষ হবে ২৯ ডিসেম্বর।

এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ছুটি ভোগ করবে। এ ছাড়া ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি থাকবে।

মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিনের ছুটি

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। ছুটি শুরুর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেও টানা ১২ দিনের ছুটি মিলবে।

কলেজে ছুটি ১৮ দিন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বিজয় দিবস থেকে শুরু করে সাপ্তাহিক ছুটিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।

মাদরাসায় ছুটি ১৫ দিন

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে মাদরাসায় টানা ১৫ দিনের ছুটি থাকবে।

ডিসেম্বরের এসব ছুটির মধ্য দিয়ে ২০২৬ সালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটি শেষ হবে। তবে ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগের সুযোগ রাখা হয়েছে। কোনো প্রতিষ্ঠান এ ছুটি ব্যবহার করলে সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত