ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চক্ষুদান ছড়িয়ে দিতে বিভাগে আই ব্যাংক চান প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চক্ষুদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। একই সঙ্গে কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি, কর্নিয়াজনিত অন্ধত্বের কারণ ও চাহিদা নিরূপণে নতুন গবেষণা এবং মানুষের আচরণগত পরিবর্তনে কার্যকর স্বাস্থ্য যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নীলক্ষেতের বাবুপুরা রোডে সন্ধানী ভবনের ডা. শিশির স্মৃতি হলে ‘সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, রক্তদান তিন মাস পরপর করা সম্ভব হলেও কর্নিয়া দান জীবনে ও মৃত্যুর পর একবারই করা যায়। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত সংস্কার দূর করতে নিবিড় পরামর্শ ও সচেতনতা জরুরি। সন্ধানীর ৪২ বছরের নিরলস প্রচারণায় সমাজে একসময়কার কুসংস্কার অনেকটাই কমেছে। মানুষ এখন জানে, কর্নিয়া দানের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী একজন মানুষ দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।
২০১২ সালে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক হিসেবে বাংলাদেশে শিশু অন্ধত্ব নিয়ে নিজের পরিচালিত জাতীয় জরিপের অভিজ্ঞতাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওই সময় দেশের ৬৪ জেলায় শূন্য থেকে ১৬ বছর বয়সী প্রায় ২ হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর ওপর জরিপ চালানো হয়েছিল। জরিপে দেখা যায়, প্রায় ২৭ থেকে ২৮ শতাংশ শিশু কর্নিয়াজনিত কারণে অন্ধত্বের শিকার হয়েছে। এর প্রধান কারণ ছিল অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর অভাব। তবে বর্তমানে দেশে পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব কমেছে। বিপরীতে দুর্ঘটনা বা আঘাতজনিত (ট্রমাটিক) কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেড়েছে।
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আঘাতজনিত কর্নিয়ার ক্ষত সফলভাবে প্রতিস্থাপনের হার বর্তমানে অনেক বেশি। তরুণ প্রজন্মকে চক্ষুদান আন্দোলনে সম্পৃক্ত করা গেলে তারা নিজ নিজ পরিবারের দাদা-দাদি ও নানা-নানিকে চক্ষুদানে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের বিপরীতে চক্ষুদান কার্যক্রম মাত্র পাঁচটি অঞ্চলে সীমাবদ্ধ না রেখে সব বিভাগে সম্প্রসারণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এর মাধ্যমে সমিতির চলমান চক্ষু হাসপাতালের সাহায্যে রাজধানীর নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে আরও বিস্তৃত সেবা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত