×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ডিসেম্বর শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন

২০২৬ নভেম্বর ২৫ ১৬:০০:২৭

১৩ ডিসেম্বর শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: দেশের পরিবার পরিকল্পনা সেবাকে আরও গতিশীল করতে আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী ক্যাম্পেইন শুরু হচ্ছে। ওই দিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে দৈনিক সমকাল সভাকক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে মেরী স্টোপস বাংলাদেশ ও সমকাল।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তের কারণে দেশের চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের নীতির সমালোচনা করে ড. মুহিত বলেন, বিকল্প কোনো দিকনির্দেশনা ছাড়াই সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন ও সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। অনেক সময় ভুল নীতির পরিণতি দুর্নীতির চেয়েও ভয়াবহ হতে পারে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করেছে। ইতিমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনার সামগ্রী পৌঁছে গেছে। আগামী ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এ নিবিড় প্রচারণার উদ্বোধন করবেন।

স্বাস্থ্য খাতের জনবল ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাঠপর্যায়ে বর্তমানে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে। একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলতে তাঁদের হাতে ট্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তথ্য দেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা আরও সুনির্দিষ্টভাবে সেবা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত বলেন, হাওর, চর, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ একেক রকম। বন্যার সময় এসব এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। জাতীয় গড় হিসাব দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত সংকট বোঝা সম্ভব নয়। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নীতিনির্ধারকদের এসব মানুষের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে হবে।

আধুনিক সময়ের চাহিদা বিবেচনায় পরিবার পরিকল্পনা কর্মসূচিকে বিস্তৃত করে ‘প্রজনন স্বাস্থ্য কর্মসূচি’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে শিশু স্বাস্থ্য ও হৃদরোগ ইনস্টিটিউট থাকলেও ১০ কোটি নারীর জন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। এ অবস্থায় একটি ‘নারী স্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা প্রয়োজন। একই সঙ্গে জরুরি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সামাজিক ট্যাবু ভাঙা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার। আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিনাত আরা, মেরী স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাসের কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার এবং ইউএনএফপিএর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিশেষজ্ঞ এবং পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেইজিং প্রধান মঞ্জুন নাহার।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত