ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ডিসেম্বরের চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি শিশু হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদে ৫টি, সহকারী পরিচালক পদে ৫টি, সিনিয়র কনসালটেন্ট পদে ১০০টি, জুনিয়র কনসালটেন্ট পদে ২০০টি এবং আবাসিক চিকিৎসক পদে ১০টি পদ রয়েছে।
এ ছাড়া আবাসিক সার্জন পদে ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পদে ৫টি, মেডিকেল অফিসার পদে ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন পদে ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদে ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগে ২০টি পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে। হাসপাতালগুলোর অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে পরবর্তী সময়ে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানো যায়। এসব প্রতিষ্ঠানের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এরপর থেকেই হাসপাতালগুলো চালুর প্রস্তুতি জোরদার করা হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী একযোগে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।
হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন। ২০০ শয্যার শিশু হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় এসব যন্ত্রপাতি ইতোমধ্যে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?