×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত, কে কত পাবেন? 

২০২৬ নভেম্বর ২৫ ০৮:৩৫:৪৯

পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত, কে কত পাবেন? 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা, দরকষাকষি ও গোপন ভোটের পর পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনার পর সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত ছিলেন।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌঁছেছে। সিদ্ধান্তটি গেজেট আকারে প্রকাশের জন্য শিগগিরই পাঠানো হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবারও মজুরি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ গ্রেড বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। এতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে বোর্ডের চার সদস্য ভোট দেন। অন্যদিকে, ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন বাকি দুই সদস্য।

চেয়ারম্যান জানান, যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাদের বেতন সর্বসম্মতিক্রমে অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে কারখানাগুলো তাদের সক্ষমতা অনুযায়ী এর চেয়ে বেশি বেতন দিতে পারবে। নতুন মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকদের (হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডের শ্রমিকদের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারী) বেতন হবে ১৯ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের (সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; বিশেষায়িত কাজের সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকার) বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডের শ্রমিকদের (সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটর) মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দেন। তবে বোর্ডের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত গোপন ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে অবস্থান নেন। এর ভিত্তিতেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত