×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বদলির আদেশের দাবিতে আমরণ অনশনে নারী শিক্ষকরা

২০২৬ নভেম্বর ২৫ ১৪:২৭:০৯

বদলির আদেশের দাবিতে আমরণ অনশনে নারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: বদলির আদেশ জারির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’ ব্যানারে তারা এ কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের সময় শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন শিক্ষকরা। তাদের অভিযোগ, বদলি নীতিমালায় পরিবর্তন আনার প্রয়োজন হলে তা করা যেতে পারে। কিন্তু নীতিমালা পরিবর্তনের অজুহাতে কালক্ষেপণ করা হচ্ছে। এভাবে সময়ক্ষেপণের মাধ্যমে শিক্ষকদের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে।

অনশনরত শিক্ষকদের দাবি, নিজ জেলা অথবা বাড়ির কাছাকাছি স্থানে বদলির ব্যবস্থা করতে হবে এবং দ্রুত বদলির আদেশ জারি করতে হবে। ভিন্ন জেলায় চাকরি করার কারণে তাদের পারিবারিক জীবনে কলহ তৈরি হচ্ছে বলেও জানান তারা। বদলির আদেশ জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

অনশনরত এক নারী শিক্ষক বলেন, চাকরির বদলি নীতিমালা তৈরি হয়েছে এবং সরকার বদলি কার্যক্রম চালু করার পর তারা আবেদনও করেছেন। এখন তাদের দাবি, দ্রুত বদলির আদেশ দেওয়া হোক। তিনি বলেন, তারা পরিবার ও সন্তানদের কাছে ফিরে যেতে চান। তার মতো আরও অনেক শিক্ষিকা শুধু বদলির আদেশের অপেক্ষায় রাস্তায় এসে বসেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত