×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধে হাইকোর্টে রিট আবেদন

২০২৬ নভেম্বর ২৫ ১৯:২১:০৩

আওয়ামী লীগ নিষিদ্ধে হাইকোর্টে রিট আবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত ঘোষণা এবং ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বহন করছেন—এমন ‘জুলাই যোদ্ধা’ (হেলথ কার্ডধারী) এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন জনস্বার্থে এবং সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিটটি করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের কোনো জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের (এসআরও নং ১৩৭-আইন/২০২৫) মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে রিটে বলা হয়েছে, নির্বাহী আদেশটি সাময়িক হওয়ায় সংসদে আইন পাস অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করা, সম্পদ বাজেয়াপ্ত করা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা প্রয়োজন।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছেন। এসব ঘটনার মধ্যে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ এবং বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে হত্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও আবেদনে তুলে ধরা হয়েছে। সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা, ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও রিটে উল্লেখ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সম্পর্কে বলেছিলেন, ‘তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী; দেশে ও বিদেশে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা বারবার এটি প্রমাণ করেছে’।

এ ছাড়া আবেদনে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ দলটির পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে অডিও বার্তা, টেলিফোন এবং আন্তর্জাতিক গণমাধ্যম—এপি, আইএএনএস ও এএফপিতে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে দেশে এসে বৈঠক করছেন বলেও রিটে দাবি করা হয়েছে।

রিটে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। প্রস্তাবিত কমিটিকে ১৯৭২-১৯৭৫ সময়ে রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯-২০২৪ সময়ে গুম-খুন ও ‘আয়নাঘর’, শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার, সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ ও বিরোধীদের ওপর দায় চাপানোর অভিযোগ এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততার বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়েছে। কমিটিকে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এ ছাড়া দেশ-বিদেশে দলটির অর্থের উৎস এবং সংশ্লিষ্ট কোম্পানি ও ব্যক্তিদের শনাক্ত করে তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা; যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ (এফটিও) হিসেবে তালিকাভুক্ত করতে ওয়াশিংটন দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের প্রত্যর্পণে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত