×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মজুরিকাঠামোকে ভারসাম্যপূর্ণ বললেন মাহদী আমিন

২০২৬ নভেম্বর ২৫ ১৭:০১:৪৫

নতুন মজুরিকাঠামোকে ভারসাম্যপূর্ণ বললেন মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক সাফল্যের পেছনে শ্রমিকদের শ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠার বড় অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তাঁর ভাষ্য, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ এখন বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক।

আজ মাহদী আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলেন। পরে এ বিষয়ে জানতে প্রথম আলোর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।

মাহদী আমিন বলেন, পোশাকশিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে শ্রমিকদের জীবন, তাঁদের পরিবারের সংগ্রাম এবং কারখানার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা কেবল অর্থনৈতিক প্রয়োজন নয়, এটি নৈতিক ও সমন্বিত দায়িত্বও।

তিনি আরও বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড–১–এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এতে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।

মাহদী আমিন তাঁর ফেসবুক পেজে জানান, গ্রেড–২–এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে এ মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ এ গ্রেডে মজুরি বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।

গ্রেড–৩–এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, সর্বনিম্ন গ্রেড–৪–এর অধীনে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।

মাহদী আমিনের মতে, ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের মধ্যে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকেরা তাঁদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। এতে মূল বেতনের বাইরেও তাঁদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে এবং মাস শেষে মোট আয় বাড়বে।

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা বলেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। তবে শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।

মাহদী আমিন বলেন, তাঁরা এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চান, যেখানে শ্রমিকেরা ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন; উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা রাখবেন; বেকারত্ব না বেড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।

তাঁর মতে, শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

নতুন মজুরিকাঠামো নির্ধারণে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে উল্লেখ করে মাহদী আমিন মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে শ্রমিক ও মালিকদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার ভিত্তিতে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখা এবং দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।

মাহদী আমিনের ভাষ্য, শ্রমিক ও মালিকপক্ষের পারস্পরিক আস্থা এবং সম্মিলিত প্রচেষ্টাই পোশাকশিল্পকে আরও এগিয়ে নেবে। এর মধ্য দিয়ে আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত