×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষার্থীকে সেনাসদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

২০২৬ নভেম্বর ২৫ ২১:৪০:৫৪

জাবি শিক্ষার্থীকে সেনাসদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা এ অবরোধ শুরু করেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম আওরঙ্গজেব রমজান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বুধবার বিকেলে অটোরিকশায় করে বিশমাইল হয়ে টিউশনে যাচ্ছিলেন তিনি। এ সময় এক সেনাসদস্য তাঁর অটোরিকশাটি আটকান এবং লাঠি দিয়ে আঘাত করেন। কেন মারছেন, জানতে চাইলে তাঁর হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে লাথি মারার পাশাপাশি বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন আওরঙ্গজেব।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি টিম কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা দ্রুত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। বিষয়টি জানার পর উপাচার্য নিজেই দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন।’

অবরোধকারী শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত সেনাসদস্যকে শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত