ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রাণিসম্পদে স্বনির্ভরতার পাশাপাশি রপ্তানি বাড়াতে চান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ খাত এখন আর শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দ্রুত বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সেই উৎপাদনকে শিল্পে রূপ দিতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতি তথা কৃষি অর্থনীতির প্রাণ। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন।
মেধাসম্পন্ন ও আত্মনির্ভরশীল জাতি গঠনে প্রাণিজ আমিষকে অন্যতম পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। খাতটির বিকাশে সরকার সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সাফল্যের জন্য সবার আগে খামারি ভাই-বোনদের ধন্যবাদ জানান তিনি।
উৎপাদনশীলতা বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে একদিকে প্রাণিসম্পদ খাতে দেশের স্বনির্ভরতা বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
রপ্তানি বাজার সম্প্রসারণের বিষয়ে তারেক রহমান বলেন, স্বল্পমেয়াদে বাংলাদেশের জন্য চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে। বিদেশে নতুন নতুন প্রাণিজ পণ্যের বাজার খুঁজে বের করার ওপরও গুরুত্ব দেন তিনি। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।
দেশের পোলট্রি খাত ও প্রান্তিক খামারিদের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছেন। প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের সঙ্গে যুক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য পশু পালন করছেন।
পশুচিকিৎসা ও টিকা উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পশুপ্রাণীর চিকিৎসা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুচিকিৎসায় ১৭টি রোগের টিকা উৎপাদিত হলেও তা পর্যাপ্ত নয়। এ কারণে আধুনিক টিকা উৎপাদন কারখানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব অঞ্চলে জেগে ওঠা নতুন চর এবং সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে যথাযথ উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব প্রাণী মানুষের মানসিক প্রশান্তি ও আয়ের উৎস হতে পারে। তবে এ ক্ষেত্রে পশুপাখির অধিকার উপেক্ষা করা যাবে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার অনুযায়ী প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি থেকে সুরক্ষা দেওয়া, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখা, স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে রক্ষা করার বিষয়ে সবাইকে মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
খামারিদের এ খাতের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগেই প্রাণিসম্পদ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ পাওয়া ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁদের এ অর্জন লাখো উদ্যোক্তা ও গবেষকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। খামারি ও গবেষকদের মেধা ও শ্রমে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।
বিশ্ববাজারে প্রবেশের ক্ষেত্রে খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত