ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
এমবিবিএস-ডেন্টালে ভর্তির আবেদন শুরু, জানুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এবার এমবিবিএস ও বিডিএসের ভর্তি পরীক্ষা একই দিনে, একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও থাকছে।
গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার আবেদন ফরম ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদনসহ ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির অনলাইন ফরম পূরণের নিয়মাবলি এবং বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন না।
প্রার্থীকে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ হতে হবে। তবে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩ দশমিক ৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে। রাঙামাটি মেডিকেল কলেজের ২৫ শতাংশ আসনও এই সংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত। পশ্চাৎপদ জনগোষ্ঠী বলতে সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের বোঝানো হয়েছে। এসব প্রার্থীর ক্ষেত্রে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। এ ছাড়া এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
এইচএসসি সিলেবাস অনুযায়ী ১০০টি বহুনির্বাচনী প্রশ্নের প্রতিটির মান ১ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর।
পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী দেশের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না।
এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় পাওয়া জিপিএর ভিত্তিতে সর্বোচ্চ ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এর মধ্যে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৮ গুণ হিসেবে সর্বোচ্চ ৪০ নম্বর এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১২ গুণ হিসেবে সর্বোচ্চ ৬০ নম্বর নির্ধারণ করা হবে।
লিখিত ভর্তি পরীক্ষায় পাওয়া নম্বর এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএভিত্তিক নম্বর যোগ করে মেধাক্রম তৈরি করা হবে।
আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে। অন্যদিকে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর বাদ দিয়ে মেধাতালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।
আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি
অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৫ নভেম্বর ২০২৬। আবেদন করা যাবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের ফি জমা দেওয়ার শেষ সময় ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নেওয়া যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফি
এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় আবেদনের ফি ১ হাজার টাকা। এই ফি শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
এমবিবিএস ও বিডিএস কোর্সে আবেদনের নিয়ম জানতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত