×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যমান আইনেই শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: তথ্যমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৬ ১৭:০৪:৩৭

বিদ্যমান আইনেই শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রচলিত আইন ও বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি অনুসরণ করেই পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি স্পষ্ট করেছেন, এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে কিংবা অযৌক্তিক শর্তে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘উইমেন জার্নালিস্ট ফোরাম’-এর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। দেশের প্রচলিত আইনের মাধ্যমেই তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বিমানে আসবেন নাকি সীমান্ত দিয়ে আসবেন, তা নিয়ে আওয়ামী লীগের নেতারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাস্তবে দেশে ফেরার কোনো পদক্ষেপ তিনি নেননি। মূলত দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি এসব গুজব ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ৩৭ বিলিয়ন ডলারের রিজার্ভসহ অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই তারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের জনগণের অর্থ লুটপাট ও গণহত্যা চালিয়ে যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তার ব্যক্তিগত বক্তব্য বা কৌশলের চেয়ে দেশের উন্নয়ন ও নিরাপত্তা সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ। দেশের প্রচলিত আইন এবং এক্সট্রাডিশন চুক্তি অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনা হবে। বর্তমান সরকার জনগণের কল্যাণ, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় পূর্ণ মনোযোগ দিচ্ছে।

ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচারের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক কিংবা হিন্দু-মুসলমান ইস্যু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এটি মূলত তাদের স্থানীয় রাজনীতিতে ফায়দা নেওয়ার কৌশল।

এর আগে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে গণমাধ্যম খাতে নানা ধরনের সমস্যা রয়েছে। সাংবাদিকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, গণমাধ্যম কমিশন গঠন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত সংকটসহ বিভিন্ন বিষয় সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মতবিনিময় সভায় উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু, সভাপতি ফাহমিদা আহমদ, সাধারণ সম্পাদক লাবিন রহমান, অর্থ সম্পাদক শাহনাজ পলি, সহসভাপতি শিরিন সুলতানা ও শারমিন রিনভী উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত