×

ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দিল্লিতে ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক

২০২৬ অক্টোবর ১০ ১৫:২৮:৪০

দিল্লিতে ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভ থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাঁকে আটক করা হয়।

নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে এ বিক্ষোভ চলছে।

নেহাকে আটকের পর তাঁকে বহনকারী পুলিশের একটি বাস ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। দিল্লির সফদরজং বিমানবন্দর উড়ালসড়কের কাছে এ ঘটনা ঘটে। বাসটি ওই এলাকা থেকে বের হতে বাধা দেওয়ারও চেষ্টা করেন তাঁরা। বাসটিতে নেহার পাশাপাশি অন্য ছাত্রনেতা ও আটক বিক্ষোভকারীরাও ছিলেন।

যন্তর মন্তরে বিক্ষোভ ঠেকাতে দিল্লিজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালাচ্ছে পুলিশ। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অন্যান্য সংগঠন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেখানে সমাবেশের ডাক দিয়েছিল।

নিরাপত্তা জোরদার করতে রাজধানীর বিভিন্ন স্থানে হাজারো পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড। বিভিন্ন যানবাহনে তল্লাশির পাশাপাশি গণপরিবহনের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিক্ষোভে অংশ নিতে আসা অনেককে বাসসহ বিভিন্ন যানবাহনে তুলে নিয়ে গেছে পুলিশ।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলটির জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে। দিল্লিতে পৌঁছানোর পর বিমান থেকেই তাঁদের আটক করা হয়। পরিচয়পত্র দেখানোর পরও কয়েকজন সাংবাদিককে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

বিক্ষোভের জন্য পুলিশ অনুমতি দেয়নি। পর্যাপ্ত আগাম নোটিশ না দেওয়া, নির্ধারিত নির্দেশনা না মানা এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছে কর্তৃপক্ষ।

বিধিনিষেধের আওতায় দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভে সক্রিয় ছাত্রনেতাদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন নেহা বোর। এর আগে ৪ অক্টোবর যন্তর মন্তরের দিকে বিক্ষোভ মিছিল চলাকালেও তাঁকে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে আটক করা হয়েছিল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত