×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ মানুষের চাকরি কেড়ে নিতে পারবে না এআই: নরেন্দ্র মোদি

২০২৬ নভেম্বর ২২ ১১:৩৭:২০

দক্ষ মানুষের চাকরি কেড়ে নিতে পারবে না এআই: নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তার নিয়ে বিশ্বজুড়ে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হলেও দক্ষ ও প্রতিভাবান মানুষের কর্মসংস্থান কেড়ে নেওয়া এআইয়ের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মনে করেন, আগামী দিনে শিক্ষাগত সনদের চেয়ে কাজের দক্ষতা ও প্রতিভা বেশি গুরুত্ব পাবে।

গতকাল শনিবার ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, ভারত বিশ্বের দক্ষ জনশক্তির রাজধানী হয়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে। একবিংশ শতাব্দীতে দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মীদের যথাযথ সম্মান দিতে হবে।

অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীসহ রাজ্য বিজেপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

মোদি বলেন, ভারতে আক্রমণকারীরা প্রথমেই দেশটির দক্ষতা ও কারুশিল্পকে লক্ষ্যবস্তু করেছিল। তারা বুঝতে পেরেছিল, ভারতীয় কারিগরদের কাজই দেশকে সমৃদ্ধ করছে। এ কারণে কারিগরদের আঙুল কেটে দিয়ে তাদের দক্ষতা ধ্বংসের চেষ্টা করা হয়েছিল।

ব্রিটিশরা আরও কৌশলে একই কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, টমাস ব্যাবিংটন ম্যাকলে এমন একটি শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন, যার উদ্দেশ্য ছিল দক্ষ কর্মী তৈরির পরিবর্তে কেরানি তৈরি করা।

মোদি আরও বলেন, স্বাধীনতার পরও কেরানিনির্ভর চাকরিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে দক্ষতা উন্নয়ন ও ঐতিহ্যবাহী কারুশিল্প পিছিয়ে পড়ে। একপর্যায়ে কাগজে-কলমে কাজ করাকেই মর্যাদার বিষয় হিসেবে বিবেচনা করা শুরু হয়।

ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্ণৌর চিকনকারি, মসলিন, বেনারসি ও কাঞ্চিপুরমের রেশম, কাশ্মীরি পশমিনা এবং সুতি বস্ত্র একসময় বিশ্বজুড়ে ভারতের পরিচিতি তৈরি করেছিল।

এআইয়ের কারণে চাকরি হারানোর আশঙ্কা প্রসঙ্গে মোদি বলেন, দক্ষ মানুষের জীবিকা কেউ কেড়ে নিতে পারবে না। সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে। ভবিষ্যতে শুধু শিক্ষাগত সনদধারীদের তুলনায় দক্ষ ও প্রতিভাবান ব্যক্তিরা বেশি সম্মান পাবেন এবং তাদের চাহিদাও বাড়বে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, দক্ষতা অর্জন শুধু যন্ত্র নিয়ে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে মানুষের জীবন সহজ করার পাশাপাশি দেশের সক্ষমতাও বাড়ানো সম্ভব।

মোদি উদাহরণ দিয়ে বলেন, একসময় ভারতকে মোবাইল ফোন আমদানি করতে হতো। এখন দেশটির মেয়েরাই মোবাইল ফোন তৈরি করছেন। ভারতে উৎপাদিত এসব ফোন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তরুণদের দক্ষতার কারণেই দেশের উৎপাদন সক্ষমতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া গত এক দশকে ভারতে প্রায় পাঁচ হাজার নতুন আইটিআই প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান নরেন্দ্র মোদি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখের বেশি বেড়েছে। একই সময়ে ছাত্রীদের সংখ্যা বেড়েছে আড়াই গুণেরও বেশি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত